চট্টগ্রাম, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রীদের দুর্ভোগ দূর করতে ট্রেনের টিকেট বিক্রিতে ‘ই- টিকেট’ সেবা চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “লাইনে দাঁড়িয়ে টিকেট নেওয়ার কষ্ট দূর করতে ‘ই-টিকিট’ সেবা চালু করা হবে। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থানে কয়েকটি বুথ করা হবে।”
রেলের জনবল সংকট দূর করতে শূন্য পদে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হবে বলেও জানান সুরঞ্জিত।
রেলের টিকেট কালোবাজারি বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না- এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চাহিদা বেড়েছে তাই টিকিট পাওয়া যায় না।
রেল খাতকে ‘নিষ্ক্রিয়’ করতে একটি মহল সবসময় সক্রিয় বলে মন্তব্য করেন রেলমন্ত্রী।
এ চক্রটিকেই তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার সময় ‘কালো বেড়াল’ অভিহিত করেছিলেন জানিয়ে সুরঞ্জিত বলেন, “এটিকে আমি খুঁজছি। প্রতি বছর রেলওয়ের যে সাতশ কোটি টাকা ক্ষতি হয় তা কমাতে চাই।”
ক্ষমতসীন সরকারের তৃতীয় দফা মন্ত্রিসভা স¤প্রসারণে গত ২৯ নভেম্বর মন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
রেলকে গতিশীল করতে চান জানিয়ে মন্ত্রী বলেন, “সবে দায়িত্ব নিয়েছি, এখনো যে সবকিছু বুঝে উঠেছি তা নয়। আমারও শেখার অনেক বিষয় আছে। প্রধান দায়িত্ব- রেলকে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে ও সময়মতো চালানো।”
রেলমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এলেন সুরঞ্জিত সেনগুপ্ত। ঢাকা থেকে মহানগর প্রভাতী ট্রেনে বেলা আড়াইটায় চট্টগ্রাম রেলস্টেশনে এসে পৌঁছান তিনি।
চট্টগ্রাম পাহাড়তলী ও সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে যন্ত্রপাতি সমস্যার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অর্থ বরাদ্দের জন্য অনুরোধ করা হবে জানিয়ে সুরঞ্জিত বলেন, অর্থ বরাদ্দ দিলে চট্টগ্রাম ওয়ার্কশপ থেকেই সংস্কার কাজ শুরু হবে। এজন্য ছয় মাসের ‘ক্রাশ প্রোগ্রাম’ হাতে নেওয়া হবে।
‘রেলমন্ত্রী হয়ে গর্বিত’
সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, নিরাপদ বাহন হিসেবে মানুষ রেলে ভ্রমণে আগ্রহী।
“আমি এ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে গর্ব বোধ করছি।”
“গতকাল কী হয়েছে তা নয়, আজ কী করবো তা নিয়ে আমি ভাবব। দেশের যেসব অঞ্চলে এখনো রেল যোগাযোগ সৃষ্টি হয়নি সেখানে রেল যোগাযোগ স্থাপন করতে চাই।”- যোগ করেন মন্ত্রী।
চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনারে মালামাল বহনের জন্য ঢাকা- চট্টগ্রাম ‘ডাবল ট্র্যাক’ রেললাইন স্থাপনের কাজ শেষ করতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
পাহাড়তলী ওয়ার্কশপ পরিদর্শন শেষে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয় সিআরবিতে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলওয়ে শ্রমিক লীগ নেতা ও সিবিএ নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।
ফুল নেননি সুরঞ্জিত
দুপুরে রেলমন্ত্রী চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছালে রেলওয়ে শ্রমিক লীগের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর চেষ্টা করা হয়। এসময় তিনি ফুলের তোড়া না নিয়ে গাড়িতে উঠে পড়েন।
এসময় রেলওয়ে পুলিশ স্টেশন চত্বরে জড়ো হওয়া নেতা- কর্মীদের সরিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিক লীগের অনুসারী নেতা-কর্মীরা রেলওয়ে পুলিশের সদস্যদের ধাওয়া করে।
এ বিষয়ে রেলওয়ে পুলিশের এএসপি (হেডকোয়ার্টার) ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রী স্টেশনে কারো সংবর্ধনা নিতে রাজি হননি। তাই এখানে কাউকে দাঁড়াতে দেওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/২১৩০ ঘ.
bdnews24