২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় চট্টগ্রামে বিমান চলাচল ব্যাহত

কুয়াশার কারণে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে শনিবার সকালে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। অভ্যন্তরীণ রুটের বেশ কয়েকটি বিমান নির্ধারিত সময়ের অনেক পরে বিমানবন্দরে পৌঁছায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 10:11 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে শনিবার সকালে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। অভ্যন্তরীণ রুটের বেশ কয়েকটি বিমান নির্ধারিত সময়ের অনেক পরে বিমানবন্দরে পৌঁছায়। এছাড়া ঢাকায় ঘন কুয়াশার কারণে আর্ন্তজাতিক রুটের তিনটি ফ্লাইট ঢাকার পরিবর্তে শুক্রবার গভীর রাতে চট্টগ্রামে অবতরণ করে বলে জানান চট্টগ্রামের এয়ারপোর্ট ম্যানেজার স্কোয়াড্রন লিডার আনিস আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঘন কুয়াশার কারণে সিঙ্গাপুর, হংকং ও ব্যাংকক থেকে আসা তিনটি বিমান ঢাকায় নামতে পারেনি। সেগুলো গভীর রাতে চট্টগ্রাম বিমানন্দরে অবতরণ করে। সকালে কুয়াশা কমার পর ফ্লাইট তিনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। চট্টগ্রাম বিমান বন্দর নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, সকাল থেকে চট্টগ্রামে ঘন কুয়াশা থাকায় অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলো ঢাকা থেকে চট্টগ্রামে আসতে পারেনি। কুয়াশা কমলে বেলা পৌনে ১১টা থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়। এদিকে, সকাল থেকে অতিরিক্ত কুয়াশার কারণে চট্টগ্রাম মহানগরীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হয়। ঠাণ্ডা ও কুয়াশার কারণে সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন কম থাকায় অফিসমুখী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। তবে চট্টগ্রাম বন্দর জেটি ও বহির্নোঙ্গরে জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক ছিলো বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন। পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মেঘনাদ তঞ্চঙ্গা জানান, রোববার পর্যন্ত রাতে ও সকালে মাঝারি থেকে ভারি কুয়াশা অব্যাহত থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/আরএ/১৬০৫ ঘ.