ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান না নিতে বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার এক সভায় তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, “যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করবেন না। যুদ্ধাপরাধীদের রক্ষায় সহযোগিতা করলে এমন একদিন আসবে খালেদা জিয়ার বিচার চাইবে জনগণ।”
একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপি ও জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার মুক্তি দাবিতে বিএনপি চেয়ারপারসনের বক্তব্যে জবাবেই আওয়ামী লীগ প্রধান হাসিনা একথা বললেন।
শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনা আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই।
পঁচাত্তর পরবর্তী সময়ে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের চাকরি দিয়ে ‘পুরস্কৃত’ ও পুনর্বাসনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কঠোর সমালোচনা করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
“জিয়ার মতোই তার স্ত্রী বিএনপি চেয়ারপারসন যুদ্ধাপরাধীদের রক্ষায় নামবেন, তা স্বাভাবিক,” বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, “লাখো শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করবেন না। ইজ্জত হারানো মা-বোনের সঙ্গে বেঈমানি করে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বাঁচানোর চেষ্টা করবেন না। তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।”
গণতন্ত্র সুপ্রতিষ্ঠা এবং জনগণের অর্থনৈতিক মুক্তি সংগ্রামে শামিল হতে বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার তরুণ সমাজের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, “এ প্রজন্ম যেন নতুন করে জেগেছে। তারা ইতিহাসকে জানতে চায়। শিকড়ের সন্ধানে যেতে চায়।”
প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তানি পাকহানাদার বাহিনীরা ছিলো সৈনিক। তারা ছিলো হুকুমের গোলাম। কিন্তু বাংলাদেশের সন্তান হয়েও যারা পাক হানাদার বাহিনীর দোসর হয়ে তাদের সাহায্য করেছে, তারাই প্রকৃত যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী।”
যুদ্ধাপরাধীদের বিচারে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আজকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে। যুদ্ধাপরাধী, মানবতাবিরোধীদের বিচার এ মাটিতেই হবে। তাদের উনি (খালেদা জিয়া) বাঁচাতে পারবেন না।”
বিরোধীদলীয় নেতার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “বিএনপি মিথ্যা বলায় পারদর্শী। দুর্নীতিতে পারঙ্গম এ দল। বিএনপি চেয়ারপারসন এতিমের টাকা মেরে খেয়েছেন, দুই ছেলে মানি লন্ডারিং আর দুর্নীতিতে অনার্স-মাস্টার্স করেছে। দুর্নীতি আর মিথ্যাচার- এটাই দলটির চরিত্র। এখন দলের চেয়ারপারসন খুনি-ধর্ষকদের রক্ষার চেষ্টা করছেন।”
বিপরীতে আওয়ামী লীগ দেশের স্বার্থে কাজ করে, বলেন তিনি।
‘যুদ্ধাপরাধীদের বিচার জাতির অঙ্গীকার’ শীর্ষক এ সভায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সাংবাদিক ও শহীদ বুদ্ধিজীবীর সন্তান শাহীন রেজা নূর প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৯২৫ ঘ.
bdnews24