ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধ নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য ভারতের জবাবের অপেক্ষায় সরকার থাকলেও সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত তা পাওয়া যায়নি।
এ বিষয়ে সোমবার নয়া দিল্লির বক্তব্য আশা করার কথা পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি রোববার জানিয়েছিলেন।
বক্তব্য এসেছে কি না- জানতে চাওয়া হলে সোমবার রাত সাড়ে ৮টার দিকে পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি আজ আশা করছিলাম, কিন্তু এখন পর্যন্ত পাইনি।”
সচিব এর পরপরই তার কার্যালয় থেকে বেরিয়ে যান। তবে রাতের মধ্যে ভারতের জবাব পাওয়া যাবে বলে আশা করেন তিনি।
মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক আশরাফী বিনতে শামস বর্তমানে ভারতে রয়েছেন এবং এ বিষয়ে নয়া দিল্লির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন বলে জানান মিজারুল।
দীপু মনি রোববার বলেন, “টিপাইমুখ বাঁধ নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানার পর আমরা তাৎক্ষণিকভাবে তাদের (দিল্লি) সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চেয়েছি।”
এদিকে বিএনপি অভিযোগ করেছে, টিপাইমুখ বাঁধ নিয়ে সরকার ‘নিশ্চুপ’ ভূমিকা গ্রহণ করেছে।
বরাক নদীর ওপরে টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে বিনিয়োগ চুক্তি করেছে মণিপুর রাজ্য সরকার।
বরাক নদীর ওপরে টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে মনিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর শুক্রবার প্রকাশ করে বিবিসি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত ২২ অক্টোবর নয়া দিল্লি¬তে ভারতের জাতীয় জলবিদ্যুৎ নিগম- এনএইচপিসি, রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ সংস্থা এসজেভিএন এবং মণিপুর সরকারের মধ্যে এই চুক্তি হয়।
চুক্তির খবর প্রকাশের পর বাংলাদেশে এ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। পরিবেশ বিশেষজ্ঞরা আগে থেকে বলে আসছেন, টিপাইমুখে বিদ্যুৎ প্রকল্প হলে বাংলাদেশের ওপর এর বিরূপ প্রভাব পড়বে।
এমনকি মনিপুর রাজ্যেও পরিবেশবাদী সংগঠনগুলো কয়েক বছর ধরে এ প্রকল্পের বিরুদ্ধে প্রচার চালিয়ে আসছে। এ পরিকল্পনা বাতিলের জন্য ভারত সরকারের কাছে দাবি জানিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/২১০৪ ঘ.
bdnews24