জয়পুরহাট, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সেতুর কাঠামোর ধাক্কায় ট্রেনের ছাদ থেকে পড়ে তিন যাত্রীর মৃত্যু হয়েছে।
আক্কেলপুরের সহকারী স্টেশন মাস্টার খাদিজা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের একটি বিশেষ ট্রেন ঢাকা থেকে পার্বতীপুর যাওয়ার পথে শনিবার ভোরে হলহলিয়া সেতুতে এ ঘটনা ঘটে।
এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে শুক্রবার রাতে ট্রেনের ছাদ থেকে পড়ে আহত আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টাঙ্গাইলের ঘটনায় মৃতের সংখ্যা ৪ জনে দাঁড়ালো।
আক্কেলপুরের সহকারী স্টেশন মাস্টার জানান, শনিবার ভোরে ট্রেনটি হলহলিয়া সেতুর ওপর ওঠার পর সেতুর ওপরের লোহার কাঠামোতে ধাক্কা লেগে ছাদে বসা তিন যাত্রী নিচে পড়ে যান।
সান্তাহার রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, এলাকাবাসী ওই তিন জনকে উদ্ধার করে প্রথমে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাদের মৃত্যু হয় বলে জানান জসীম উদ্দিন।
নিহতরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সাভার গ্রামের রওশন আলীর ছেলে উজ্জ্বল, জেলার কাহারোল উপজেলার পানীশাল গ্রামের সোনা মিয়ার ছেলে দুলাল এবং নীলফামারী জেলার নিজভুক্তা গ্রামের হাবিবুর রহমানের ছেলে জুলফিকার আলী।
এদিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেহভোগে শুক্রবার রাতে ট্রেনের ছাদ থেকে পড়ে আহত আরো একজনের মৃত্যু হয়েছে। তবে পুলিশ তার পরিচয় জানাতে পারেনি।
মির্জাপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, শুক্রবার রাত ৯টার দিকে আন্তঃনগর সিল্ক সিটি এক্সপ্রেস রাজশাহী যাওয়ার পথে লাইনের ওপর দিয়ে যাওয়া তারের সঙ্গে ধাক্কা লেগে ছাদ থেকে সাত যাত্রী নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই ২ জন এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর রাতেই আরো এক জনের মৃত্যু হয়।
নিহত অপর তিন ব্যক্তি হলেন- এরা হলো পাবনার ফরিদপুরের বোয়েলবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে মামুন মিয়া (২২), চাপাইনবাবগঞ্জের ভোলারহাটের জানে আলমপুর গ্রামের ইমারত আলীর ছেলে জহিরুল ইসলাম (২৫), সিরাজগঞ্জের শাহজাদপুরের সাদতপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে মিন্টু মিয়া (১৮)।
আহতদের মধ্যে আরো একজন শনিবার দুপুরে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে ওসি জানান।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক কাজী হারুন-অর রশিদ জানান, নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএম/জেকে/১৭৪৫ ঘ.
bdnews24