রাজশাহী, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর গোদাগাড়ীতে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।
গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম জানান, শনিবার বিকালে গোদাগাড়ী উপজেলার কাদিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শিউলি বেগম (২৮)। বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর থানার চগরইল গ্রামে। তার স্বামীর নাম রেজাউল হক।
তাৎক্ষণিকভাবে বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি বলে উল্লেখ করেন ওসি।
তিনি বলেন, "বিআরটিসির বাসটি রাজশাহী থেকে নওগাঁর নিয়ামতপুরে যাচ্ছিলো। পথে একটি চাকা খুলে গেলে বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান শিউলি।"
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পর বাকি দুজনের মৃত্যু হয় বলে পুলিশ কর্মকর্তা জানান।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭২৩ ঘ.
bdnews24