মুন্সীগঞ্জ, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া মহাসড়কে গাড়ি চাপায় একই পরিবারের তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
স্ত্রী ও সন্তানকে নিয়ে ঢাকা যাওয়ার পথে উপজেলার নিমতলী চালতাপাড়া নামক স্থানে শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- বাবা মো. শাহাবুদ্দিন (৪৫), স্ত্রী ঝর্ণা বেগম (৩০), বৃষ্টি আক্তার (১২)।
তাদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল গ্রামে। শাহাবুদ্দিন ঢাকার তেজগাঁওয়ের বাসিন্দা।
শাহাবুদ্দিনের চাচাতো ভাই মো. শফিক মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। ঢাকায় তাদের ঈদ করার কথা। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন।
সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান জানান, গাড়িচাপায় মোটরবাইকটি দুমড়ে-মুচড়ে গেছে। মৃতদেহগুলো উদ্ধার করে সিরাজদিখান থানায় রাখা হয়েছে।
ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটায় বাসটিকে শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১১২০ ঘ.
bdnews24