২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ কোটি টাকা নিয়ে উল্টালো বাস, আহত ৮

ব্রাহ্মণবাড়িয়া সোনালী ব্যাংকের ৫০ কোটি টাকা নিয়ে ঢাকা আসার পথে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি বাস উল্টে আট পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 09:58 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া সোনালী ব্যাংকের ৫০ কোটি টাকা নিয়ে ঢাকা আসার পথে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি বাস উল্টে আট পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে টাকাগুলো নিরাপদে সোনালী ব্যাংকের ঢাকা কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) শেখ নাজমুল আলম। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০টি কার্টনে ৫০ কোটি টাকা নিয়ে বাসটি ব্রাহ্মণবাড়িয়া সোনালী ব্যাংক থেকে ঢাকায় আসছিলো। বাসের ভেতরে ও সামনে-পেছনে পুলিশি পাহারা ছিলো। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল সাওঘাট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসটি দুর্ঘটনায় পড়ে। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় এবং উল্টে যায়। এতে বাসের ভিতরে থাকা আট পুলিশ সদস্য আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে এসআই আওলাদ জানান। পুলিশ সুপার শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "থানা থেকে পুলিশ গিয়ে আরেকটি গাড়িতে গিয়ে টাকাগুলো নিরাপদে ঢাকায় পৌঁছে দিয়েছে।" সোনালী ব্যাংকের মহা ব্যবস্থাপক (মানবসম্পদ) নওশের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারায়ণগঞ্জে একটি দুর্ঘটনা ঘটেছিল। তবে সমস্যা হয়নি। পুলিশ অন্য গাড়িতে করে টাকা পৌঁছে দিয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৫৫৪ ঘ.