২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে বিজয়ের আনন্দ

আইন সংশোধন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অর্থ জোগানোর সরকারি ঘোষণায় পূজার ছুটি শেষে ক্যাম্পাস খোলার প্রথম দিন আনন্দে মেতেছেন শিক্ষার্থীরা। আর এ বিজয় উল্লাসে যোগ দিয়েছে পুরো বিশ্ববিদ্যালয় পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 05:39 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

জবি, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আইন সংশোধন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অর্থ জোগানোর সরকারি ঘোষণায় পূজার ছুটি শেষে ক্যাম্পাস খোলার প্রথম দিন আনন্দে মেতেছেন শিক্ষার্থীরা। আর এ বিজয় উল্লাসে যোগ দিয়েছে পুরো বিশ্ববিদ্যালয় পরিবার। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ২৯ সেপ্টেম্বর আগেভাগেই পূজার ছুটি ঘোষণা করে। ছুটির মধ্যেই গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন- সরকারই জগন্নাথ বিশ^বিদ্যালয়ের অর্থায়ন করবে। এজন্য বিশ্ববিদ্যালয় আইনের ২৭ (৪) ধারা বাতিল করা হবে। ছুটি শেষে আজ সকালে ক্যাম্পাস খেলার পর শুরু হয় আনন্দ মিছিল। একে অপরকে রং মাখিয়ে, ফটকা ফুটিয়ে, নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন শিক্ষার্থীরা। উপাচার্য থেকে শুরু করে শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রনেতা, কর্মকর্তা-কর্মচারী কেউই বাদ যাননি এই রঙের খেলা থেকে। সকাল থেকেই আনন্দ-উল্লাস চললেও বেলা ১১টায় শহীদ মিনার থেকে শুরু হয় আনুষ্ঠানিক শোভাযাত্রা। উপাচার্য ড. মেসবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে এই শোভাযাত্রা নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য বলেন, "আজকের এই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।" প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "আজ অনেক বড় অনিশ্চয়তা কাটিয়ে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।" জগন্নাথ বিশ্ববিদ্যলয় শাখা ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও আলাদাভাবে নিজেদের ব্যানার নিয়ে শোভাযাত্রা করে। গনিত বিভাগের শিক্ষার্থী নাসির আহমেদ খান বলেন, "আমাদের আন্দোলন সফল হয়েছে ,একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র- এটা ভেবে, এখন অনেক আনন্দ লাগছে।" ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ কলেজকে ২০০৫ সালে একটি আইনের মাধ্যমে পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। তবে এর আইনের ২৭ (৪) ধারায় বলা হয়- ৫ বছর পর বিশ্ববিদ্যালয়ের ব্যয়ভার তাদের নিজেদেরই বহন করতে হবে। ওই আইন সংশোধনের দাবিতে গত ২৫ সেপ্টেম্বর বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। সেদিন হাইকোর্ট ও জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় কয়েক হাজার শিক্ষার্থী। পুলিশ তাদের লাঠিপেটা করলে শুরু হয় গাড়ি-ভাঙচুর। টানা চারদিন আন্দোলনের পর ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেভাগে পূজার ছুটি দিয়ে ক্যাম্পাস বন্ধ করে দেয়। তারপরও আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে আন্দোলন চালিয়ে যায় সরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটি সংগঠন এবং ব্লগার-অনলাইন অ্যাকটিভিস্টরা। বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তারও করা হয়। পরে জামিনে ছাড়া পান তারা। এরই মধ্যে উপাচার্য মেসবাহ উদ্দিন সংকট নিরসনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরীর সঙ্গেও বৈঠক করেন। তারাও শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানান। এরপর গত বুধবার প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক বৈঠকে কাঙ্খিত সে ঘোষণা আসে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৯৫০ ঘ.