চট্টগ্রাম, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধ কার্যকরের দ্বিতীয় রাতে চট্টগ্রামের সমুদ্র উপকূল থেকে ২৪ হাজার কেজি ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর।
আটক করা হয়েছে ১০টি মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা এবং ৩৫ হাজার মিটার কারেন্ট জাল।
শুক্রবার রাতভর কর্ণফুলী নদীর ১১ ও ১৫ নম্বর ঘাট, আনোয়ারা সমুদ্র উপকূলে অভিযান পরিচালনা করে এসব ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ মাছের অধিকাংশই মা-ইলিশ।
কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা লে. কমান্ডার জসিম উজ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে এ সব ইলিশ মাছ জব্দ করা হয়েছে।"
জব্দ কারেন্ট জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জব্দ মাছের মধ্যে ১ হাজার কেজি ইলিশ ১২টি এতিমখানায় দান করা হয়েছে।"
বাকি মাছগুলো প্রশাসনের উপস্থিতিতে নিলামে বিক্রি করা হয় বলে তিনি জানান।
আটককৃত ইঞ্জিনচালিত নৌকা মালিকদের প্রত্যেককে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুই হাজার টাকা করে জরিমানা করেছে।
গত বৃহস্পতিবার থেকে ১১ দিনের জন্য সারাদেশে সব ধরনের ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর।
বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে সাড়ে ২৮ হাজার কেজি ইলিশ মাছ জব্দ করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/১৮৫৮ ঘ.
bdnews24