ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৌলতবাড়িয়া-পাটুরিয়া সেতু তৈরি করতে পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ এবং একনেকে অনুমোদন নিয়ে তার নির্মাণ কাজ দ্রুত শুরু করতে কার্যকর ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।
একটি রিট আবেদনে সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের অবকাশকালীন বেঞ্চ এ নির্দেশ দেয়।
যোগাযোগ সচিব, পরিকল্পনা সচিব, অর্থ সচিব, সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। তবে জবাব দেওয়ার সময়সীমা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম নুরুল ইসলাম রিট আবেদনটি করেন।
শুনানিতে তিনি বলেন, "এখানে একটি আধা কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ করলে পূর্ব-পশ্চিম ও দক্ষিণাঞ্চলের ৩০ জেলার মানুষ পরস্পরের সঙ্গে যুক্ত হবে। যাতায়াতে তাদের দুর্দশা কমবে।"
সরকার বর্তমানে পদ্মার ওপর মাওয়ায় একটি সেতু নির্মাণ করছে। এ সেতুর পরিকল্পনার সময় পাটুরিয়া-দৌলতদিয়া স্থানটিও বিবেচনায় ছিলো। তবে বিশেষজ্ঞদের পরামর্শ পাওয়ার পর মাওয়াকেই সেতুর জন্য চূড়ান্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/১৫১৪ ঘ.
bdnews24