২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী-পুরুষের সমানাধিকার 'স্পষ্ট' করার দাবি

সংবিধান অনুযায়ী বিভিন্ন আইন ও নীতি এবং ভূমি ও উত্তরাধিকারের ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে সমান অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদ্যাপন জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান অনুযায়ী বিভিন্ন আইন ও নীতি এবং ভূমি ও উত্তরাধিকারের ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে সমান অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদ্যাপন জাতীয় কমিটি। রোববার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে এ বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাতীয় কমিটির খুলনা শাখার সভাপতি শামীমা সুলতানা শিলু। আগামী ১৫ অক্টোবর দেশে 'আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস' উদযাপন করা হবে। ১৯৯৫ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত জাতিসংেঘর চতুর্থ নারী সম্মেলনে ১৫ অক্টোবরকে 'আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস' হিসেবে পালনের প্রস্তাব গৃহীত হয়। ২০০৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় ১৫ অক্টোবরকে 'আন্তর্র্জাতিক গ্রামীণ নারী দিবস' ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, এ বছর দিবসটি পালনের ক্ষেত্রে 'ভূমি ও উত্তরাধিকার সূত্র মালিকানায়' গ্রামীণ নারীর অধিকারের বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শামীমা সুলতানা শিলু বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন দলিল, সনদ ও চুক্তিপত্রে ভূমি ও উত্তরাধিকার-সূত্র মালিকানায় নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। বাংলাদেশের সংবিধানেও নারী-পুরুষের সাম্যের কথা বলা হয়েছে। "কিন্তু কিছু আইন ও নীতিতে এই সমানাধিকারের বিষয়টি পরিষ্কার নয়। এ বিষয়গুলো পরিষ্কার করে সবাইকে সচেতন করে তুলতে হবে।" এ বছর দিবসটি উদযাপন উপলক্ষে দেশের সব কটি জেলাতেই সংবাদ সম্মেলন, সেমিনার ও র‌্যালির আয়োজন করা হয়েছে। এছাড়াও গ্রামীণ নারীদের উন্নয়নে বিশেষ ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে প্রতি জেলায় নারী ও পুরুষকে সম্মাননা দেওয়া হবে। জাতীয় কমিটির সভাপতি মাহবুব আলম ফিরোজ, যুগ্ম-সম্পাদক মোরশেদা খাতুন দিলারা, কুষ্টিয়া শাখার সভাপতি সালমা আক্তার ও সাভার শাখার জসিম উদ্দিনও এতে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১৩০ ঘ.