২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৫

নাটোরের বাগতিপাড়া উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 06:08 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

নাটোর, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বাগতিপাড়া উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় বনপাড়া-হাটিকুমরুল সড়কের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আহত হয়েছে সাতজন। নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক মিলন হোসেন (৩০), আরোহী আফতাব হোসেন (১১), নাছিমা বেগম সেবা (৩৫), রওশন আরা বেগম (৪০) ও সুফিয়া বেগম (৪০)। এর মধ্যে চার জন ঘটনাস্থলেই এবং সুফিয়ার মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে। আহতরা হলেন- মাইক্রোর আরোহী চাঁদনী (১৪), পথিক (১১), শহিদুল (৫৫) ও টুনটুনি বেগম (৪০)। পুলিশ জানিয়েছে, রাজশাহীর পুঠিয়া থেকে টাঙ্গাইলগামী ওই মাইক্রোবাসের আরোহীরা এক পরিবারের সদস্য। তারা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। মহাসড়ক পুলিশের বনপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা আল্ট্রা মডার্ন নামের যাত্রীবাহী বাসের সঙ্গে টাঙ্গাইলগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। "এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। বাসটিও রাস্তার পাশের খাদে পড়ে যায়", বলেন তিনি। দুর্ঘটনায় বাসের চার যাত্রীও আহত হন বলে পুলিশ জানায়। আহত সবাইকে প্রথমে বনপাড়ার আমেনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তা কাদের বলেন, কুয়াশার কারণে পথ দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০০ ঘ.