ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ে কয়েকজন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে রদবদল করা হয়।
সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব নিয়োগ-রদবদল করা হয়েছে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্তকে এক বছরের জন্য একই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। তিনি বর্তমানে অবসর ছুটিতে (পিআরএল) রয়েছেন।
দুই বছরের জন্য একই পদে চুক্তিতে নিয়োগ পেয়েছেন সিআইডি'র বিশেষ সুপার (এসএস) আব্দুল কাহহার আকন্দ। তিনি গত দু'বছর ধরে একইপদে চুক্তিভিত্তিক নিয়োজিত রয়েছেন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) মোস্তফা কামারকে একইপদে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। তার এ নিয়োগ আগামী ১৩ জানুয়ারি বা কাজে যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে।
আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক ড. তাইবুল হাসান খানের চুক্তির মেয়াদ যোগদানের দিন থেকে এক বছরের জন্য বাড়ানো হয়েছে।
সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। ওই পদে প্রেষণে নিয়োজিত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হোসেন মল্লিককে সেনাবাহিনীতে প্রত্যর্পণ করা হয়।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল খাদেমুল ইনসান মোহাম্মদ ইকবালকে সেনাবাহিনীতে ফেরত পাঠাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল একেএম ফরিদুজ্জামান।
নৌ-বাহিনীর কর্মকর্তা কমডোর এম শাহীন ইকবালকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়।
নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কুবলেশ্বর ত্রিপুরাকে বিভিন্ন জেলায় ৩০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব মনিরুজ্জামান মালেককে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসের বাণিজ্যিক কাউন্সিলর ও মোহাম্মদ মাহবুব শাহীনকে 'আরবান পাবলিক অ্যান্ড এনভারমেন্টাল হেলথ সেক্টর' প্রকল্পের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯৩৮ ঘ.
bdnews24