২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন: হুইপের কাছে ব্যাখ্যা চেয়েছে ইসি

পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সরকার দলীয় সাংসদ ও হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব-এর কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 02:41 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সরকার দলীয় সাংসদ ও হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব-এর কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার তার কাছে চিঠি পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ইসি'র জ্যেষ্ঠ সহকারি সচিব আবদুল বাতেন। এই কর্মকর্তা জানান, ওহাবের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী এলাকায় ডাকবাংলো ব্যবহার, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য প্রদান ও মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণের অভিযোগ উঠেছে। চিঠিতে তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে উপযুক্ত ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানান আব্দুল বাতেন। ইসি কর্মকর্তারা জানান, তাকে পাঁচ দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। চিঠির অনুলিপি জেলা প্রশাসক, উপ নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে। পৌরসভা নির্বাচনে আচরণ বিধি অনুযায়ী তফসিল ঘোষণার পর জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং সরকারের কোন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপ-মন্ত্রী বা তাদের সমপদমর্যাদাসম্পন্ন সরকারি সুবিধাভোগী কোন ব্যক্তি, নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। ইসি কর্মকর্তারা জানান, সাংসদ শেখ আব্দুল ওহাব গত ১১ ডিসেম্বর যশোরের কেশবপুরে সরকারি সুবিধা নিয়ে ডাকবাংলো ব্যবহার করেছেন। পরের দিন তিনি এক পৌর মেয়র প্রার্থীর পক্ষ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমালোচনা করে বক্তব্য রেখেছেন। তিনি ১৭ ডিসেম্বর ওই নির্বাচনী এলাকায় দু:স্থ মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ করেন। ওই পৌরসভার একজন মেয়র প্রার্থী হুইপের বিরুদ্ধে কমিশনে এই অভিযোগ আনেন বলে জানান ইসির কর্মকর্তা আব্দুল বাতেন। ২ ডিসেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৩ জানুয়ারি খুলনা ও বরিশাল বিভাগের পৌরসভাগুলোয় ভোট অনুষ্ঠিত হবে। কোন প্রার্থী বা তার পক্ষে অন্য কোন ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে আচরণ বিধিমালার কোন বিধান লঙ্ঘন করলে তাকে অনধিক ৬ (ছয়) মাস করাদণ্ড অথবা অনধিক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে। সেনবাগের ইউএনওকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি নোয়াখালীর সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পৌরসভার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা-১ কে এ পৌরসভার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুল বাতেন জানান, ইউএনওর বিরুদ্ধে অভিযোগ উঠায় নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। তবে কী ধরনের অভিযোগ সে সম্পর্কে তিনি কিছু জানাতে পারেন নি। ২০ পুলিশ কর্মকর্তার পদোন্নতি ও বদলি অনুমোদন পুলিশ সপ্তাহের শেষ দিনে গত বৃহস্পতিবার ডিআইজি ও পুলিশ সুপারসহ ২০টি পদে রদবদল করা হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের রদবদল নির্বাচন কমিশন অনুমোদন করেছে বলে জানিয়েছেন আব্দুল বাতেন। নির্বাচন বিধি অনুযায়ী, তফসিল ঘোষণার পর সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ঊর্ধ্বতন নির্বাচনী কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি নিতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/২০৩৫ ঘ.