২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতা থাকলে পার্বত্যাঞ্চলে উন্নয়ন হবে না: মরিয়ার্টি

পার্বত্যাঞ্চলের উন্নয়নের জন্য একযোগে কাজ করতে পাহাড়ি-বাঙালি উভয়ের প্রতি আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, সহিংসতা থাকলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্ভবপর হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 03:38 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

রাঙামাটি, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্যাঞ্চলের উন্নয়নের জন্য একযোগে কাজ করতে পাহাড়ি-বাঙালি উভয়ের প্রতি আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, সহিংসতা থাকলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্ভবপর হবে না। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলেও সোমবার রাঙামাটিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি জানান। পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করতে রাষ্ট্রদূতের এ সফর। দুদিনের সফর শেষে বিকালে তিনি ঢাকার পথে রওনা হন। মরিয়ার্টি বলেন, "পার্বত্য চট্টগ্রামে সহিংসতা থাকলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। এতে দাতাগোষ্ঠীরাও সহায়তার জন্য এগিয়ে আসতে চাইবে না।" পাহাড়ি-বাঙালি ও সব দলের ঐক্যের ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সবাইকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রদূত। কয়েক বছর আগে ইউএসএইড'র অর্থায়নে 'আইপ্যাক' কর্মসূচির মাধ্যমে সংরক্ষিত বনাঞ্চল সংরক্ষণের পাশাপাশি প্রকল্প আওতাধীন এলাকার মানুষের সমন্বিত অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়। মরিয়ার্টি বলেন, যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের সফলতার ওপর পরবর্তী কালে এ এলাকায় যুক্তরাষ্ট্র সরকারের উন্নয়ন সহায়তা নির্ভর করছে। সফরের প্রথম দিন রোববার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) সঙ্গে বৈঠক করেন মরিয়ার্টি। জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী এবং সেনা কর্মকর্তা ও পার্বত্য গণপরিষদ নেতাদের সঙ্গেও আলাদা বৈঠক করেন তিনি। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে রাষ্ট্রদূত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সঙ্গে পরিষদ কার্যালয়ে দেখা করেন। রাঙামাটি জেলায় আইপ্যাক প্রকল্প বাস্তবায়নে জেলা পরিষদ চেয়ারম্যানের সহযোগিতা চান রাষ্ট্রদূত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমআই/২১২৫ ঘ.