২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১, আহত ৪০

মানিকগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 05:41 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

মানিকগঞ্জ, ১৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের মূলজানে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরো ৪০ জন। তাদের মধ্যে ২৬ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের সাভার ও ঢাকার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতের (৩০) বিস্তারিত পরিচয় জানা যায়নি। তার লাশ সদর হাসপাতাল মর্গে রয়েছে। হতাহতদের বাড়ি খুলনার বিভিন্ন উপজেলায় বলে জানিয়েছেন গোলড়া হাইওয়ে থানার ওসি মো. রফিকুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসটি ভোর ৬টার দিকে মূলজানে রনি পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে গেলে পাশাপাশি সংঘর্ষ হয়। এতে ঈগল পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়। বাস দুটি আটক করা হয়েছে বলেও জানান ওসি রফিকুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১১৩৮ ঘ.