ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জুরাইনে মা ও তার দুই সন্তানের মৃত্যুর ঘটনায় আত্মহত্যা প্ররোচণার মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির জামিন আবেদন মঙ্গলবার নাকচ করে তাদেরকে তিনদিনের গোয়েন্দা পুলিশ হেফাজতে দিয়েছে আদালত।
এরা হলেন- দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শফিকুল কবির, তার স্ত্রী নূর বানু, মেয়ে কবিতা ও সুখন এবং জামাতা দেলোয়ার হোসেন পাটোয়ারী।
সোমবার পৃথক অভিয়ান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র্যাব ও গোয়েন্দা পুলিশ। তাদের এ গ্রেপ্তার নিয়ে বিভ্রান্তিরও সৃষ্টি হয়।
গত ১১ জুন জুরাইনের কদমতলী থানার আলমবাগ এলাকার বাড়ি থেকে ফারজানা কবির রিতা (৩৫), তার ছেলে ইশরাক কবির পবন (১৩) ও মেয়ে রাইসা রাশমিন পায়েল (১১)-এর লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় রিতার মা মাজেদা বেগম আত্মহত্যা প্ররোচণার অভিযোগ এনে দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শফিকুল কবির, তার স্ত্রী নূর বানু, তাদের ছেলে ও রিতার স্বামী রাশিদুল কবির, মেয়ে কবিতা, সুখন ও জামাতা দেলোয়ার হোসেন পাটোয়ারি, রাশিদুলের দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতি, গাড়ির চালক আল আমিনের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করেন।
মঙ্গলবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম তানিয়া কামাল তাদের পাঁচজনকে হেফাজতে নেওয়ার ওই আদেশ দেন। এর আগে দুপুরে তাদেরকে আদালতে হাজির করে সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক শেখ মাহবুবুর রহমান।
বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু এবং দৈনিক ইত্তেফাকে আদালত প্রতিবেদক শাহজাহান খান রিমান্ড আবেদন বাতিল করে তাদের জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজত মঞ্জুর করে।
আদালতে রাষ্ট্রপক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) এমএ কামরুল হাসান খান আসলাম।
ওদিকে মঙ্গলবার মামলার আরেক আসামি ওষুধ বিক্রেতা আবদুল গাফ্ফার মহানগর হাকিমের কাছে স্বীকরোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
শনিবার রিতার গাড়িচালক আল আমিনকে পাঁচদিন ও ওষুধ বিক্রেতা আবদুল গাফ্ফারকে দুইদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় একই আদালত।
গত শুক্রবার গাড়িচালক আল আমিনকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার গুয়াধারা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর দয়াগঞ্জের ওষুধের দোকান মালিক আবদুল গাফ্ফারকে গ্রেপ্তার করা হয়।
মৃত্যুর আগে রিতা তাদের আত্মহত্যা ও পারিবারিক বিরোধের বিভিন্ন অভিযোগের কথা ঘরের দেয়ালে ও কাগজে লিখে রেখে যান।
রাজিয়া সুলতানা স্মৃতির সঙ্গে স্বামী রাশিদুল কবিরের দ্বিতীয় বিয়েতে রিতার কোনো আপত্তি নেই, একথা লেখা একটি কাগজে জোরপূর্বক রাশিদুল স্বাক্ষর নিয়েছে-এই মর্মে একটি অভিযোগও দেয়ালে লেখা রয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেবি/এজে/১৭২০ ঘ.
bdnews24