ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাইবার ক্যাফের ব্যবসাকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ ফারুক খান।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় সাইবার ক্যাফে ব্যবসায়ীদের সংগঠন সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব) নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেন তিনি।
কোয়াব 'তথ্য ও প্রযুক্তিতে আগামী দিনের করণীয়' শীর্ষক এ সভার আয়োজন করে।
তথ্য প্রযুক্তিকে জনগনের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে জানিয়ে ফারুক খান বলেন, "সরকারের পাশাপাশি কোয়াব ও অন্যান্য সংগঠন আন্তরিকভাবে কাজ করলে আগামী ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।"
এজন্য বিভিন্ন খাতকে চিহ্নিত করে ইন্টারনেট সেবার আওতায় আনা প্রয়োজন। এক্ষেত্রে সাইবার ক্যাফে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সভায় কোয়াবের পক্ষ থেকে সরকারের কাছে ছয় দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলো হচ্ছে, সাইবার ক্যাফেকে জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করে ২৪ ঘন্টা ক্যাফে খোলা রাখার অনুমতি দেওয়া, এ ব্যবসাকে এসএমই খাতে অন্তর্ভুক্ত, ক্যাফে সমূহকে নূন্যতম মূল্যে ইন্টারনেট সংযোগ দেওয়া, সাইবার অপরাধ রোধে প্রত্যেক ক্যাফেকে কোয়াবের বাধ্যতামূলক সদস্যপদ গ্রহণ এবং ক্যাফেগুলোকে সরকারের গণসংযোগের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা।
মন্ত্রী সংগঠনের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইপিএবি) সভাপতি মো. আখতারুজ্জামান মঞ্জু বলেন, "সাইবার অপরাধ দূর করতে ক্যাফেগুলোতে ব্যবহারকারীদের নিবন্ধন বাধ্যতামূলক করার পাশাপাশি সিসিটিভি বসাতে হবে। একই সঙ্গে ক্যাফের মধ্যে খোলামেলা জায়গার ব্যবস্থা থাকতে হবে। যাতে একজন আরেকজনের কম্পিউটারটি দেখতে পায়। তবে অপরাধ অনেকাংশে কমে আসবে।"
তিনি ইন্টারনেট ব্যান্ডউইথের উপর থেকে কর প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন কোয়ারের সভাপতি নাজমুল করিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক এ এম কামাল উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি জহুরুল হোসেন, বেঙ্গল গ্র"পের ভাইস চেয়ারম্যান ও আরটিভির পরিচালক মো. জসিম উদ্দিন প্রমুখ।
এর আগে সভায় আগামী ২০১০ থেকে ১২ সাল পর্যন্ত দুই বছর মেয়াদী ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/২০১০ ঘ.
bdnews24