ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, সরকার কখনোই পাটের মূল্য ধার্য করেনি। বাজারের ও বৈদেশিক চাহিদা যাই থাক, মূল শাঁশটা মধ্যস্বত্বভোগীরাই পেয়ে থাকে।
জাতীয় সংসদের বৃহস্পতিবারের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে আবদুল লতিফ সিদ্দিকী এ কথা বলেন।
লক্ষ্মীপুর-১ আসনের সাংসদ নাজিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে লতিফ সিদ্দিকী আরো বলেন, "কৃষকের হাত থেকে মজুদদারের হাতে পাট জমা হওয়া, বাজারে চাহিদা বাড়া এবং পাট পরিবেশ বান্ধব হওয়ায় বাজার অস্থির হয়ে পড়ে।"
তিনি বলেন, "কাঁচা পাট দু'হাজার আট'শ টাকা পর্যন্ত কেনা-বেচা হয়েছে।"
চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর আরেক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী সংসদে জানান, দেশের বাজারে খাদ্য, কৃষি উপকরণ, চিনি, সারসহ বিভিন্ন পণ্য উৎপাদন ও বিতরণের জন্য সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে প্যাকেজিং কাজে পাট পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করার জন্য 'পণ্যের মোড়কিকরণে পাটের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০' প্রণয়নের উদ্যোগ নিয়েছে।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিজিএমসি'র নিয়ন্ত্রণাধীন মিলগুলোর পাটক্রয় খাতে বাকেয়া দেনার পরিমাণ এক'শ ২৫ কোটি ৫৫ লাখ টাকা।
মন্ত্রী তিনশ বিধিতে এক বিবৃতিতে পাটের জীবনরহস্য (জিনোম সিকোয়েন্সিং) আবিস্কারে বিজ্ঞানী ড. মাকসুদুল আলম ও তার দলের সদস্যদের অভিনন্দন জানান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৬৩৫ ঘ.
bdnews24