সাতক্ষীরা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবনে বাঘের আক্রমণে এক এক ব্যক্তি মারা গেছেন।
কাঁকড়া ধরার সময় বুধবার দুপুরে বনের সাতক্ষীরা রেঞ্জের কাঁকড়াখালি খালে এ ব্যক্তি বাঘের কবলে পড়েন রেঞ্জের কর্মকর্তারা জানান।
নিহত ব্যক্তি হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ট্যাংরাখালী গ্রামের কেনা মোড়ল (৪৫)।
সাতক্ষীরা রেঞ্জের মীরগাং টহল ফাঁড়ির বন কর্মকর্তা গিয়স উদ্দীন সাংবাদিকদের জানান, কেনা মোড়ল ও কৃষ্ণপদ বাউলিয়া বনের অভ্যন্তরে খালে কাঁকড়া ধরতে যান।
দুপুরে মীরগাং নদীর কাঁকড়াখালি খালে বাঘের মুখে পড়েন কেনা মোড়ল। তার সঙ্গী কৃষ্ণপদ বাউলিয়া লোকালয়ে ফিরে বনবিভাগকে খবর দেয়।
পরে গ্রামবাসীদের সহায়তায় বনবিভাগের সদস্যরা কেনা মোড়লের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে।
সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা তৌফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত এক মাসেরও কম সময়ের মধ্যে এই রেঞ্জে অন্তত চারজন বাঘের আক্রমণে মারা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৯ ঘ.
bdnews24