রাজশাহী, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছয়দিনের প্রশিক্ষণ কর্মসূচির পঞ্চমদিনে জানা গেলো অংশগ্রহণকারী ৮৩ জন প্রধান শিক্ষক ও প্রশিক্ষণার্থীর মধ্যে ৫৬ জনই ভুয়া।
রাজশাহী উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে রোববার শুরু হয় বিভাগের ১৬ জেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও কয়েকজন প্রশিক্ষণার্থীকে নিয়ে এই কর্মসূচি।
প্রধান শিক্ষক সেজে প্রশিক্ষণে অংশ নেওয়ার বিষযটি ধরা পড়ে বুধবার। এরপর তাদের আটকও করা হয়। কিন্তু পুলিশ আসার আগেই ইনস্টিটিউটের কর্মকর্তাদের নির্দেশে তাদের ছেড়ে দেওয়া হয়।
এদের প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ইনস্টিটিউটের কর্মকর্তারা দায়ী করেছেন চতুর্থ শ্রেণীর এক কর্মচারীকে।
অন্যদিকে কর্মচারীরা দায়ী করেছেন কর্মকর্তাদের। তাদের অভিযোগ প্রকল্পের টাকা লোপাটের জন্য কিছু লোককে প্রধান শিক্ষক সাজিয়ে প্রশিক্ষণ কর্মসূচিতে ঢোকানো হয়েছে।
ঘটনা তদন্তে ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক ড. সেলিনা আফরোজকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।
ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে আসা কয়েকটি স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিকদের জানান, ছয় দিনব্যাপি দক্ষতা বৃদ্ধির এই প্রশিক্ষণ শেষ হবে বৃহস্পতিবার। প্রশিক্ষণার্থীদের প্রতিদিন থাকা-খাওয়া বাবদ চারশ' এবং প্রশিক্ষণ শেষে এক হাজারসহ মোট তিন হাজার চারশ' টাকা করে দেওয়ার কথা রয়েছে।
প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারী অনেকের বয়স ও আচরণে সন্দেহ হলে তারা বিষয়টি বুধবার সকালে ইনস্টিটিউটের পরিচালক ড. স্বপন কুমার দত্তকে জানান।
অভিযোগ পেয়ে পরিচালক তাদের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে দুপুরে ৫৬ জনকে ভুয়া হিসেবে চিহ্নিত করেন। পরে এদের একটি কক্ষে আটকে রাখা হয়।
কিন্তু ইনস্টিটিউটের উপপরিচালক শামশুজ্জোহার নির্দেশে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান সেখানকারা কর্মচারীরা।
কর্মচারী ও কয়েকজন প্রশিক্ষণার্থী অভিযোগ করেন, প্রকল্পের অর্থ লোপাটের জন্যই পরিচালক, উপপরিচালক ও চতুর্থ শ্রেণীর কর্মচারী আব্দুল হান্নান এ কাজ করেছেন।
এর আগেও একইভাবে তারা ভুয়া প্রশিক্ষণার্থী দেখিয়ে প্রকল্পের টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেন তারা।
তবে ইনস্টিটিউটের পরিচালক, উপপরিচালক এ ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
উপপরিচালক শামশুজ্জোহা দাবি করেন, ইনস্টিটিউটের চতুর্থ শ্রেণীর কর্মচারী (মাস্টার রোল) আব্দুল হান্নান এর সঙ্গে জড়িত।
ঘটনার পর থেকে হান্নান পলাতক রয়েছেন বলে তিনি জানান।
পরিচালক ড. স্বপন কুমার দত্ত বলেন, "সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে আমাদের কাছে তালিকা পাঠানো হয়। সে মোতাবেক প্রশিক্ষণ দেওয়া হয়।"
তিনি বলেন, অভিযোগ পেয়েছি আব্দুল হান্নান নামের এক কর্মচারী এর সঙ্গে জড়িত। এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে।
ড. স্বপন জানান, কমিটির অপর সদস্যরা হলেন- উপপরিচালক ইব্রাহীম আলী ও ইজারুল ইসলাম।
তদন্ত কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বাকিদের প্রশিক্ষণ যথারীতি চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৫ ঘ.
bdnews24