ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনির শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন।
স্থায়ী নিয়োগ ও বকেয়া বেতনের দাবিতে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড পরিচালিত (এমজিএমসিএল) এই খনির শ্রমিকরা রোববার কর্মবিরতি শুরু করে।
স্থায়ী নিয়োগের ব্যপারে কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে বুধবার বিকাল ৩টার দিকে শ্রমিকরা কাজে যোগ দেয় বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
এর আগে দুপুর ১টার দিকে কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনরত শ্রমিক-কর্মচারী নেতারা প্রায় এক ঘন্টা বৈঠক করেন।
বৈঠকে খনির ব্যবস্থাপনা পরিচলক, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নয় সদস্যের শ্রমিক প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মমিনুল হক সাংবাদিকদের জানান, বৈঠকে শ্রমিকদের স্থায়ী নিয়োগের বিষয়টি আগামী ১ বছরের মধ্যে সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।
শ্রমিক নিয়োগের ঠিকাদারি প্রতিষ্ঠান ব্লুস্টার সার্ভিসেস এর চুক্তি ২৭ মাস থেকে কমিয়ে ২০ মাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এমজিএমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফারুক হোসেন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন।
শ্রমিকরা জানান, ২০০৪ সালে ২৬৬ জন শ্রমিক ছয় মাস প্রশিক্ষণ নিয়ে কাজে যোগ দিলেও তাদের চাকরি স্থায়ী হয়নি। ঠিকাদারের মাধ্যমে তাদের কাজ করানো হচ্ছে।
প্রশিক্ষণের সময় স্থায়ী নিয়োগের প্রতিশ্র"তি দেওয়া হয়েছিলো দাবি করে তারা অভিযোগ করেন, শ্রমিকদের এপ্রিল মাসের বেতনও বকেয়া রয়েছে।
খনিতে মোট শ্রমিকের সংখ্যা ২৯২ জন। এর মধ্যে ২৬৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত বলে দাবি করেন শ্রমিকরা। ব্লুস্টার সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠান খনিতে শ্রমিক সরবরাহ করছে।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার এ খনি থেকে বছরে সাড়ে ১৬ লাখ টন গ্রানাইট পাথর উত্তোলন করা হয়। এ শিলা বাঁধ, সেতু, সড়ক নির্মাণে ব্যবহৃত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮১৭ ঘ.
bdnews24