রাজশাহী, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোগীর অভিভাবককে মারধর ও নির্যাতনের অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শিক্ষানবীশ চিকিৎসকদের বিরুদ্ধে পাল্টা মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে নগরীর রাজপাড়া থানায় মহিষবাথান এলাকার রায়হানুল রুবেল ফিরোজের মামা খসরু আহমেদ মামলাটি করেন। বুধবার দুপুর পর্যন্ত এ মামলায় কেউ গ্রেপ্তার হয়নি।
এই ফিরোজের বিরুদ্ধেই হামলা চালানো অভিযোগ এনে দুদিন কর্মবিরতি পালন করেন রামেক হাসপাতালের শিক্ষানবীশ চিকিৎসকরা। মামলাও হয় তার বিরুদ্ধে।
রাজপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বিউটি পারভীন সাংবাদিকদের জানান, মামলায় হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি শাহ্ আলম সিদ্দিকী লালনসহ অজ্ঞাত আরো ৩৫-৪০ জন শিক্ষানবীশ চিকিৎসককে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, নগরীর মহিষবাথান এলাকার ফিরোজ রোববার রাতে হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি বোনের শ্বশুর চাপাইনবাবগঞ্জের আব্দুল হককে দেখতে আসেন। এ সময় তিনি রোগীর অবস্থা ওয়ার্ডের একজন সিনিয়র চিকিৎসককে জানান। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষানবীশ চিকিৎসক লালন তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে ফোন করে অন্য চিকিৎসকদের ডেকে ফিরোজকে হত্যার উদ্দেশ্যে ব্যাপক মারধর এবং স্বর্ণের চেন ছিনতাই করেন।
ওদিকে লালনের অভিযোগ, ফিরোজ প্রথমে তাকে মারধর করেন। এর প্রতিবাদে উপস্থিত জনতা তাকে মারধর করে।
ঘটনার পর ফিরোজকে একই ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর ওই রাতেই চিকিৎসকদের দাবি মুখে পুলিশ ফিরোজকে গ্রেপ্তার করে। একটি মামলাও হয় তার বিরুদ্ধে।
লালনকে মারধরের প্রতিবাদে ও চার দফা দাবিতে রোববার রাত ১২টা থেকে শিক্ষানবীশ চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। পরে স্থানীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে মঙ্গলবার দুপুরে কাজে যোগ দেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৫২৬ ঘ.
bdnews24