২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিদ্যুৎ ও পানি সমস্যায় সরকার টোটকা সমাধান দিচ্ছে'

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, বিদ্যুৎ ও পানি সমস্যার মত সমস্যাগুলো নিয়ে সরকার নানা টোটকা সমাধান দিচ্ছে। দীর্ঘস্থায়ী কোনো সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 09:47 AM

Updated : 24 Aug 2022, 09:22 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, বিদ্যুৎ ও পানি সমস্যার মত সমস্যাগুলো নিয়ে সরকার নানা টোটকা সমাধান দিচ্ছে। দীর্ঘস্থায়ী কোনো সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে বেসরকারি সংস্থা সমুন্নয় আয়োজিত 'মূল্যস্ফীতি ও এবারের বাজেট : প্রান্তজনের ভাবনা' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আকবর বলেন, বর্তমানে দেশে ৪ থেকে ৫ কোটি মানুষের সুপেয় পানির ব্যবস্থা নেই। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুয়ায়ী ২০১১ সাল নাগাদ সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করার কথা। কিন্তু যেভাবে কাজ চলছে তাতে আগামী ২০২১ সালেও তা করা সম্ভব নয়। বিদ্যুৎ সমস্যার ব্যাপারে তিনি বলেন, সরকার ভারতের কাছ থেকে বিদ্যুৎ আনতে চাচ্ছে। কিন্তু ভারতেই বিদ্যুতের ঘাটতি রয়েছে। নিজের প্রয়োজন না মিটিয়ে ভারত কীভাবে বিদ্যুৎ দেবে তা পরিস্কার করা হয়নি। তিনি বলেন, রেন্টার পাওয়ার প্লান্ট স্থাপন করে সমস্যার কোনো স্থায়ী সমাধান পাওয়া যাবে না। জনগণের এসব সমস্যা কবে সমাধান হবে সে ব্যাপারে সংসদে শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানান অবসরপ্রাপ্ত এ সরকারি কর্মকর্তা। তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশ অর্থনীতির ক্রান্তিলগ্ন অতিক্রম করছে। রপ্তানী প্রবৃদ্ধি ঋনাত্বক, শিল্পের প্রবৃদ্ধি আশাব্যঞ্জক নয়। প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। দরিদ্রতার কথা উল্লেখ করে তিনি বলেন, দরিদ্রের সংখ্যা কমলেও দেশে ক্ষুধার্তের সংখ্যা বেড়েছে। বাংলাদেশে ক্ষুধার্তের সংখ্যা আফ্রিকার চেয়ে বেশি। তিনি বলেন, বাংলাদেশ মূল্যস্ফীতির সবচেয়ে বড় শিকার। দরিদ্রের ওপর এর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে সরকার কোন দীর্ঘমেয়াদী ব্যবস্থা নিচ্ছে না। শুধু সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে কাজ হবে না, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইন করতে হবে। সরকারের যথেষ্ট অবকাঠামো যেমন গুদাম ও কোল্ডস্টোরেজ নেই। এজন্য বাজেটে বরাদ্দ বাড়ানো উচিৎ বলে মন্তব্য করেন ড. আকবর। তিনি বলেন, বর্তমানে বাজেট ব্যবস্থা অত্যন্ত দূর্বল। এতে জনগনের অংশগ্রহন নেই এবং তাদের চাহিদা বাজেটে প্রতিফলিত হয় না। জনপ্রতিনিধিরাও সংসদে এ ব্যাপারে আলোচনা করেন না। বিআইডিএস-এর সিনিয়র রিসার্চ ফেলো ড. জুলফিকার আলী বলেন, বাংলাদেশে দারিদ্র সীমার নিচে ৪০% ভাগ আর ২৫% অতিদরিদ্র জনগোষ্ঠী রয়েছে। সবাই যেন উপকৃত হতে পারে আগামী বাজেট সে ধরনের হওয়া উচিৎ। বাজেট বাস্তবায়নের দিকটি যথেষ্ট গুরুত্বের সাথে দেখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ন বিভাগের অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বলেন, মুল্যষ্ফীতিতে দরিদ্ররা বেশী ক্ষতিগ্রস্থ হয়। দারিদ্র নিরসনে সরকারের নেয়া প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে বেশী জোর দেওয়া উচিৎ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও সমুন্নয়নের এমিরিটাস ফেলো খোন্দকার ইব্রাহীম খালেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রেটেজিক স্টাডিজের রিসার্চ ফেলো ড. মাহফুজ কবির। সমুন্নয়নের সমন্বয়কারী এ কে এম মুকসুদুল আলম সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৫৩৭ ঘ.