২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুতার দাম কমানোর দাবিতে তাঁতি সমাবেশ

সুতা, রংসহ তাঁতশিল্পে ব্যবহার করা বিভিন্ন উপকরণের দাম কমানোর দাবি জানিয়েছে সিরাজগঞ্জের তাঁতিরা। তারা শুল্ক আরোপ না করে স্থলবন্দর দিয়ে সুতা আমদানির দাবিও জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2010, 01:42 PM

Updated : 24 Aug 2022, 09:08 PM

সিরাজগঞ্জ, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুতা, রংসহ তাঁতশিল্পে ব্যবহার করা বিভিন্ন উপকরণের দাম কমানোর দাবি জানিয়েছে সিরাজগঞ্জের তাঁতিরা। তারা শুল্ক আরোপ না করে স্থলবন্দর দিয়ে সুতা আমদানির দাবিও জানিয়েছে। মঙ্গলবার বিকালে জেলার বেলকুচি উপজেলার আলহাজ সিদ্দিকী হাইস্কুল মাঠে বাংলাদেশ হ্যান্ডলুম ও পাওয়ার লুম ওনার্স অ্যাসোসিয়েশনের আঞ্চলিক সমাবেশে এ দাবি জানানো হয়। অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, আন্তর্জাতিক বাজারে সুতার দাম বাড়ার অজুহাত দেখিয়ে স্পিনিং মিল মালিকরা গত ৭-৮ মাসে দাম দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এ খাতে সরকারি নজরদারি না থাকায় তারা এ সুযোগ নিয়েছে বলে তারা অভিযোগ করেন। সংগঠনটির নেতারা আরো অভিযোগ করেন, সুতা ব্যবসায়ীরা অন্য উপকরণ ব্যবসায়ীদের সঙ্গে মিলে সংকটের সৃষ্টি করেছে। অবিলম্বে এই সংকট নিরসনে সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁতী সংগঠনের নেতারা। অন্যথায় আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি পূরণে বাধ্য করা হবে বলে তারা হুমকি দেন। বেলকুচি উপজেলার তামাই শাখার সভাপতি ফজলুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি লোকমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান ও বিকেএমইএ'র পরিচালক মনোয়ার হোসেন। এছাড়া সহ-সভাপতি মো. হায়দার আলী মোল্লা, এনায়েতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান সিরাজ প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৭ ঘ.