ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামলী এলাকায় একটি বাস কাউন্টারের সামনে ড্রামের ভেতর থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিচয় পাওয়া যায়নি, বয়স আনুমানিক ৪২ বছর।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শাহান হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার মধ্যরাতে একে ট্রাভেলস এর কাউন্টারের সামনে থেকে উদ্ধার লাশটির দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এর একদিন আগেই সবুজবাগে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
একে ট্রাভেলসের কাউন্টারকর্মীদের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা শাহান বলেন, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে নীল রংয়ের একটি প্লাস্টিকের ড্রাম কে বা কারা বাস কাউন্টারের সামনে রেখে যায়।
রাত ১২টায় কাউন্টার বন্ধ করার সময় ড্রামের মালিক পাওয়া না গেলে কাউন্টারকর্মীরা খুলে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা হয়েছে। তবে মামলার তদন্ত করছেন পাশের থানার উপপরিদর্শক শাহান। আদাবর ও শেরেবাংলা নগর- দুটি থানাই ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের।
শাহান বলেন, নিহতের গলায় আঘাতের এবং শরীরে জখমের চিহ্ন রয়েছে। তার পরনে ছাই রঙয়ের প্যান্ট এবং সাদা শার্ট রয়েছে।
"তার প্যান্টের নিচে আরেকটি ছোট প্যান্ট ছিলো, যাতে ছোট পকেট রয়েছে। সাধারণত মাঝারি গোছের ব্যবসায়ীরা এ ধরনের চোরাই পকেট ব্যবহার করে থাকে", বলেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত লাশের কোনো দাবিদার পাওয়া যায়নি বলে শাহান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৭৩০ ঘ.
bdnews24