ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার রাত থেকে জ্বালানি তেল পরিবহন বন্ধে পূর্বঘোষিত কর্মসূচি বাতিল করেছে বাংলাদেশ তৈলবাহী জাহাজ মালিক সমিতি।
বাংলাদেশ তৈলবাহী জাহাজ মালিক সমিতির সহ-সভাপতি হাবিবুল আলম বীরপ্রতিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার জানান, মঙ্গলবার এ ব্যাপারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সঙ্গে সমিতির ফলপ্রসূ আলোচনা হয়েছে।
"জ্বালানি তেল পরিবহনে অতিরিক্ত জাহাজ যোগ করার পরিকল্পনা হচ্ছে" জানিয়ে তা বাতিলের দাবিতে ২১ মার্চ এক সংবাদ সম্মেলনে তেল পরিবজন বন্ধের হুমকি দেয় সমিতি।
বিপিসি চেয়ারম্যান আনোয়ারুল করিম সমিতির সদস্যদের আশ্বস্ত করেছেন অতিরিক্ত জাহাজ যোগ করা হবে না এবং কমপক্ষে তিনটি করে ট্রিপ দেওয়া হবে। এ আশ্বাস পাওয়ার পর তেল পরিবহন বন্ধের কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত হয় বলে জানান হাবিবুল।
বিপিসি চেয়ারম্যান আনোয়ারুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, অতিরিক্ত জাহাজ যোগ করার কোন সিদ্ধান্ত বিপিসি নেয়নি। এ ব্যাপারটি আশ্বস্ত করার পর তেল পরিবহন বন্ধের কর্মসূচি বাতিল করে সমিতি।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এসএইচএ/পিডি/১৯৪৮ ঘ.
bdnews24