মহসীনুল করিম
ভোলা থেকে
ভোলা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৎস্যজীবীদের তালিকা তৈরির কথা জানিয়ে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেছেন, এ জন্য ইউনিয়ন পর্যায়ে কমিটি করা হবে।
রোববার ভোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রকৃত মৎস্যজীবীদের তালিকা তৈরি করতে ইউনিয়ন পর্যায়ে ১১ সদস্যের একটি কমিটি করা হবে।
দৌলতখান টাউন হল মাঠে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।
তিনি কৃষকদের মতো মৎস্যজীবীদের জন্যও ব্যাংক ঋণের ব্যবস্থা করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
২০০৩ সাল থেকে দক্ষিণাঞ্চলের নদীগুলোকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা সংরক্ষণ কর্মসূচি পালিত হচ্ছে। এ সময় নদীতে ইলিশ শিকার বন্ধ রাখা হয়। এর বিনিময়ে জেলে পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24