২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় আবারো জোড়া খুন

নগরীর খালিশপুর থানার গোয়ালখালী এলাকায় খুলনা বিদ্যুৎ কেন্দ্রের এক নৈশ প্রহরী ও তার স্ত্রী খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2010, 01:52 PM

Updated : 24 Aug 2022, 07:38 PM

খুলনা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খালিশপুর থানার গোয়ালখালী এলাকায় খুলনা বিদ্যুৎ কেন্দ্রের এক নৈশ প্রহরী ও তার স্ত্রী খুন হয়েছেন। বুধবার সকালে বিদ্যুৎ কেন্দ্রের স্টাফ কোয়ার্টার থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন- নিরঞ্জন চন্দ্র মণ্ডল (৫০) ও তার স্ত্রী রেবা রানী মণ্ডল (৪২)। এ ঘটনায় পুলিশ নিহতদের দুই ছেলে রাজীব কুমার মণ্ডল (২৩) ও সজীব কুমার মণ্ডলকে (১৯) জিজ্ঞাসাবাদ করছে। এর আগে গত ২৮ ফেব্র"য়ারি নগরীর বানরগাতি মেটেপোল এলাকায় দুর্বৃত্তের হাতে খুন হন হায়দার আলী (৩০) ও তরিকুল ইসলাম পিকু (২৫) নামে দুইজন। নিহত নিরঞ্জন মণ্ডলের ছেলে সজীব কুমার মণ্ডল বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতের খাবার শেষে সবাই বাসায় ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সজীব বাবা-মাকে মৃত দেখতে পেয়ে চিৎকার দিলে এলকাবাসী এসে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার মো. আবু সায়েম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই কক্ষের একটি বাসায় তাদের চারজনের বসবাস। রাতে ঘরের সকল দরজা জানালা বন্ধ ছিলো। হত্যার সময় নিরঞ্জন ও তার স্ত্রীর চিৎকার বাইরের কেউ বা দুই ছেলে শোনেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো নেশা জাতীয় বস্তু খাইয়ে অজ্ঞান করে তাদের হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে একটি বটি, একটি হাতুড়ি এবং ছোট ছেলের (সজীব) একটি রক্তমাখা শার্ট উদ্ধার করা হয়েছে। তাদের দুই ছেলে থানা হেফাজতে আছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯৪৫ ঘ.