গাজীপুর, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন লেগে শ্রমিক নিহতের ঘটনায় কর্তৃপক্ষের ত্র"টি পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, "অতীতে অনেক তদন্তেরই প্রতিবেদন প্রকাশ পায়নি। কিন্তু এ অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন যথাসময়ে প্রকাশ করা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
শনিবার সকালে আগুনে ক্ষতিগ্রস্ত গরীব অ্যান্ড গরীব সোয়েটার কারখানা পরিদর্শনের সময় মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
গাজীপুরের ভোগড়া এলাকার এই কারখানাটিতে বৃহস্পতিবার রাতে আগুন লেগে ২১ শ্রমিক মারা যান।
এ ঘটনায় জেলা প্রশাসন এবং পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) দুটি আলাদা তদন্ত কমিটি করেছে।
খন্দকার মোশাররফ আরো বলেন, শিল্প এলাকায় যাতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি না হয় সে জন্য সরকারের উচ্চ পর্যায় ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে 'মনিটরিং টিম' করা হবে। তারা নিয়মিত কারখানা এলাকার যাবতীয় বিষয়ে (বিদ্যুৎ-গ্যাস ব্যবস্থাপনা) নজরদারি করবে।
শিল্প-পুলিশ গঠনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। অচিরেই এর কার্যক্রম শুরু হবে।
কারখানা পরিদর্শনের সময় আরো ছিলেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. ইস্রাফিল আলম, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, বিজিএমইএ'র সভাপতি সালাম মোর্শেদী, ঢাকা বিভাগীয় কমিশনার মো. শওকত হোসেন প্রমুখ।
বিজিএমইএ'র সভাপতি সালাম মোর্শেদী জানান, 'ক্রাশ ম্যানেজমেন্ট সেল' গঠন করে বড় বড় শিল্প এলাকার কারখানাগুলোতে নজরদারি করা হবে।
'সেফটি ও কমপ্লায়েন্স'র ১৮ টি দলকে ক্রাশ প্রোগ্রামের আওতায় এনে এটা করা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫২ ঘ.
bdnews24