২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ধোঁয়া বেরোনোর পথ না থাকায় এত মৃত্যু'

ধোঁয়া বের হওয়ার পথ না থাকাই গাজীপুরের গরীব অ্যান্ড গরীব সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডে এত প্রাণহানির মূল কারণ বলে প্রত্যক্ষদর্শী ও বিশেষজ্ঞরা বলছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 11:58 AM

Updated : 24 Aug 2022, 07:06 PM

গোলাম মর্তুজা অন্তু ও আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধোঁয়া বের হওয়ার পথ না থাকাই গাজীপুরের গরীব অ্যান্ড গরীব সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডে এত প্রাণহানির মূল কারণ বলে প্রত্যক্ষদর্শী ও বিশেষজ্ঞরা বলছেন। শুক্রবার সকালে হাসপাতাল মর্গে লাশগুলো রাখা ছিলো। তাদের দেহ পোড়েনি, তবে অনেকের নাকে-মুখে ছাইয়ের স্তূপ দেখা যায়। আগুন দোতলায় লাগলেও মারা যাওয়া অধিকাংশ ওপরের তলাগুলোয় কাজ করছিলো বলে জানান কারখানার শ্রমিকরা। গরীব অ্যান্ড গরীব সোয়েটার কারখানায় আগুনে অ্যাক্রলিক পুড়ে বিষাক্ত ধোঁয়া উৎপন্ন হওয়ার শ্বাসরোধে এত বেশি মৃত্যু হয়েছে বলে মনে করছেন দমকল বাহিনীর সাবেক মহাপরিচালক সেলিম নেওয়াজ ভুঁইয়া। ধোঁয়া বের হওয়ার পর্যাপ্ত পথ নেই- সে ধরনের কারখানার অনুমোদন বাতিল করার পক্ষেও মত দেন তিনি। গাজীপুর সদরের ভোগড়া এলাকায় ওই সোয়েটার কারখানায় বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে ২১ জন শ্রমিক প্রাণ হারায়, যার মধ্যে ১৬ জনই নারী। সাততলা ওই ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় তৃতীয় তলায় থাকা স্যাম্পল বিভাগের কর্মী আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দোতলায় মেঝে থেকে ছাদ পর্যন্ত রপ্তানিযোগ্য সোয়েটার স্তূপ করে রাখা হয়েছিলো। তার মধ্যেই আগুন লাগে। তিনি জানান, দোতলায় কোনো শ্রমিক ছিলো না এবং দরজাও ছিলো তালাবদ্ধ। মান্নান বলেন, "আগুন লাগার পরপরই মেইন সুইচ বন্ধ করে দিলে পুরো কারখানায় বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। অন্ধকারের মধ্যে কালো ধোঁয়ায় চোখ খুলে রাখা যাচ্ছিলো না, দম বন্ধ হয়ে আসছিলো। "আমরা দরজার কাছে এসে দেখি দরজা বন্ধ। পরে জানালার গ্রিল কেটে আমাদের উদ্ধার করা হয়।" তিনতলা থেকে নিচে নামার মূল পথটি তখন বন্ধ থাকায় অনেকেই নামতে পারেনি বলে জানান মান্নান। আর জরুরি নির্গমন পথের পাশেই দোতলায় জ্বলছিলো আগুন। ফলে সেদিক দিয়ে বের হওয়ার উপায় ছিলো বলে জানায় শ্রমিকরা। গরীব এন্ড গরীব সোয়েটার কারখানার পরিচালক চৌধুরী কুদরত এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন লাগার সময় কারখানায় ৩২ জন শ্রমিক কাজ করছিলেন, যার মধ্যে ১৭ জন নারী। তিনি বলেন, "আগুন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি শ্রমিকদের কারখানা ছাড়তে বলি। কিন্তু কয়েকজন আগুন নেভানোর জন্য তিনতলায় গিয়ে আটকা পড়ে যায়। আর সাত তলার নারী কর্মীরা আতঙ্কে বেসামাল হয়ে পড়ে।" শুক্রবার ভবনের সাততলায় গিয়ে দেখা যায়, সেখানে ধোঁয়ার চিহ্ন রয়েছে। মহিলাদের নামাজের কক্ষে পড়ে আছে শ্রমিকদের খাবারের বক্স, লেডিজ ব্যাগ, ওড়না, বোরখা, জর্দার কৌটায় পান-সুপারি আর কয়েক জোড়া সস্তা রাবারের চটি। ধোঁয়ার কটু গন্ধ ছিলো পুরো এলাকা জুড়ে। তিনতলা থেকে জরুরি নির্গমনের সিঁড়ি বেয়ে সাততলায় উঠতে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার জরুরি নির্গমন পথের দরজায় তালা দেখা যায়। তবে সাততলা ও তিন তলার জরুরি নির্গমন পথ খোলা ছিলো। দমকলের সাবেক মহাপরিচালক সেলিম নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোয়েটার ফ্যাক্টরিগুলোতে অ্যাক্রেলিক কেমিক্যাল উপাদান থাকে প্রচুর পরিমাণে, এগুলো পুড়লে মারাত্মক টক্সিক (বিষাক্ত) ধোঁয়া উৎপন্ন হয়।" তিনি বলেন, "কারখানাগুলোতে তাপ ও ধোঁয়া বের হওয়ার পর্যাপ্ত পথ থাকে না। এ কারখানাতেও তেমনটি হয়েছে। বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত হয়ে গিয়েছিলো ভবনটি। ফলে বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে শ্রমিকদের মৃত্যু হয়েছে।" এ ধরনের ঘটনার জন্য কারখানা মালিকদের উদাসীনতাকে দায়ী করে সেলিম নেওয়াজ বলেন, "গরিব মানুষদের জীবন নিয়ে ফ্যাক্টরি মালিকদের আকাশচুম্বী নেগলিজেন্সি রয়েছে। তারা ফায়ার প্রটেকশন ব্যবস্থা কার্যকর রাখে না। এভাকুয়েশন মহড়া ঠিকমতো হয় না। মহড়া রেগুলার হলে নামার সময় হট্টগোল হতো না। প্যাসেজগুলোও ন্যারো।" প্রাণহানি ঠেকাতে এ ধরনের কারখানার অনুমোদন বাতিল করার জন্য কতৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এমআই/১৭৪০ ঘ.