২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীবাহী বাস থেকে হেরোইন উদ্ধার

ঢাকা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 02:21 PM

Updated : 24 Aug 2022, 07:04 PM

কক্সবাজার, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিডিআর। বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরতলীর লিংক রোড এলাকা থেকে এই হেরোইন উদ্ধার করে টেকনাফ ৪২ রাইফেলস ব্যাটালিয়নের সদস্যরা। এ ঘটনায় বাসচালক মোহাম্মদ হানিফ (৩৫) ও তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফারুক হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ৪২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল হক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগাম তথ্যের ভিত্তিতে কক্সবাজার শহরের কাছে লিংক রোডে পৌঁছালে সাউদিয়া পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়। বাসের ভেতর ব্যাগ রাখার স্থানে একটি ব্যাগের ভেতর থেকে হেরোইন উদ্ধার করা হয়। যাত্রীদের কাউকে ওই ব্যাগের মালিক হিসাবে চিহ্নিত করা না যাওয়ায় বাসের চালক ও তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার করা হয়েছে। বিডিআর কর্মকর্তার ধারণা, এরা পাচারকারীদের হয়ে ওই হেরোইন নিয়ে আসছিলো। তাদের কক্সবাজার মডেল থানায় সোপর্দ করা হয়েছে। আটক করা হেরোইনের দাম আড়াই কোটি হতে পারে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০১৭ ঘ.