২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনুক আমদানি করে মুক্তা চাষ হবে

চীন ও ভিয়েতনাম থেকে উন্নত জাতের ঝিনুক এনে চাষের মাধ্যমে বড় ও উন্নত জাতের মুক্তা সংগ্রহ করার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠান (বিএফআরআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2010, 03:08 PM

Updated : 24 Aug 2022, 07:01 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীন ও ভিয়েতনাম থেকে উন্নত জাতের ঝিনুক এনে চাষের মাধ্যমে বড় ও উন্নত জাতের মুক্তা সংগ্রহ করার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠান (বিএফআরআই)। মঙ্গলবার প্রতিষ্ঠানটির বোর্ড সভায় মহাপরিচালক ড. গোলাম হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, দেশি ঝিনুক থেকে ছোট আকারের মুক্তা পাওয়া যায়। আমদানি করা উন্নত জাতের ঝিনুক থেকে মুক্তা চাষ লাভজনক হবে। এজন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিএফআরআই বোর্ডের সভাপতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বিএফআরআই মহাপরিচালক ছাড়াও মৎস্য ও প্রাণিসম্পদ সচিব শরফুল আলম ও কমিটির সদস্যরা অংশ নেন। সভার পর মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুক দেওয়ান সাংবাদিকদের জানান, সভায় বিএফআরআই মহাপরিচালক বাংলাদেশে বর্তমানে সীমিত পরিসরে কাঁকড়া এবং ঝিনুক থেকে মুক্তা চাষের তথ্য তুলে ধরেন। সভায় মহাপরিচালক বলেন, দেশে বর্তমানে সীমিতভাবে কাঁকড়া ও দেশীয় জাতের ঝিনুক থেকে মুক্তা চাষ করা হচ্ছে। উন্নত জাতের ঝিনুক থেকে মুক্তা চাষ নিয়ে ইতিমধ্যে বিএফআরআই কাজ শুরু করেছে। সভায় মন্ত্রী লতিফ বিশ্বাস বাণিজ্যিকভাবে ইলিশ মাছ চাষের সম্ভাব্যতা যাচাই এবং প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মুক্তা ও কাঁকড়া চাষে পদক্ষেপ নিতে বিএফআরআই কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এতে বিএফআরআই'র জন্য রাজস্ব খাতে ২১৮টি পদ সৃষ্টির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে মহাপরিচালক ও মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়। এ প্রস্তাব ১৯৯৮ সাল থেকে সংস্থাপনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে। আগামী জুলাই মাসে প্রতিষ্ঠানটির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজত জয়ন্তী পালনেরও সিদ্ধান্ত হয় সভায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/জিএনএ/২১০৯ ঘ.