মাগুরা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাস্তার পাশে লাগানো গাছের দাবি নিয়ে রোববার রাতে মাগুরার শ্রীপুরে দুই দলের সংঘর্ষে অন্তত ২৩ জন আহত হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সলইনগর গ্রামে সরকারি রাস্তার পাশে লাগানো গাছ কাটা নিয়ে ওই সংঘাত বাধে বলে শ্রীপুর থানার ওসি শ্রীপুর থানার ওসি আজিজুল হক জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে দুই পুলিশ সদস্যও আহত হন।
ওসি বলেন, সমবায় সমিতির মাধ্যমে সরকারি রাস্তার পাশে লাগানো গাছ কাটতে গেলে সলইনগর গ্রামের আমির মোল্লার লোকজনকে বাধা দেয় একই গ্রামের আবেদ আলী মোল্লার সমর্থকরা। এরপর উভয় পক্ষের সংঘর্ষ বেধে যায়।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে উভয়পক্ষের পরস্পরের দিকে ছোঁড়া ইট পাটকেলের আঘাতে আহত হন দুই পুলিশ কনস্টেবল। এরা হলেন- কনস্টেবল ফজলুল হক ও আলী আকবর।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও তিন রাউন্ড ফাঁকা গুলি চালায়।
এছাড়া আহত গ্রামবাসীদের মধ্যে ছয় জনকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- মনসুর খান, বাবুল আক্তার, আতিয়ার খান, জাহাঙ্গীর, শওকত আলী ও আব্দুস সালাম।
আহত অন্যান্যদের শ্রীপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পরে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে আটক করে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা আজিজুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/
bdnews24