বরগুনা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা সদর উপজেলায় সরকারি বিদ্যালয়ের মাঠ ভরাটের বরাদ্দের টাকায় মাঠেই পুকুর কেটে মাছ চাষ করছেন ইউপি চেয়ারম্যান।
কালাই মুদাফাত গ্রামের বড় গৌরীচন্না সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পুকুরটি কাটা হয়েছে।
বিদ্যালয়টিতে এখন শিক্ষার্থীদের এসেম্বলি হয় না। জাতীয় সঙ্গীত গাওয়া হয় শ্রেণীকক্ষে।
মাঠে পুকুর কেটে মাছ চাষের বিষয়টি স্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান আবি আবদুল্লাহ বাচ্চু।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কহিনুর বেগম জানান, বিদ্যালয়ের নিচু মাঠটি ভরাটে সরকার ও ইউএনডিপি কিছু টাকা বরাদ্দ দেয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাসরিন আক্তারের স্বামী আবি আবদুল্লাহ বাচ্চু প্রভাব খাটিয়ে মাঠ ভরাট না করে মাঠে পুকুর কেটেছেন।
বরগুনার জেলা প্রশাসক স্বপন কুমার সরকার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল আলম জানান, তারা মাছচাষ এবং সব্জি বাগান করার বিষয়টি জানেন না।
পানিতে ডুবে দুর্ঘটনার আশঙ্কা এবং খেলার মাঠ না থাকায় শিক্ষার্থীরা বিদ্যালয় ছেড়ে দিতে শুরু করেছে।
ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সোহান, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রাব্বীসহ অনেকে বিদ্যালয় ছেড়ে গেছে।
পুকুরে মাছ চাষের পাশাপাশি পুকুর পারে সবজি বাগান করা হয়েছে।
বিষয়টি স্বীকার করে আবদুল্লাহ জানান, বরাদ্দ কম থাকায় তিনি কাজটি করেছেন। তার বাড়ির সবাই মিলে সেখানে মাছ চাষ করেছেন জানান তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকরা জানান, তারা সবসময়ই আতঙ্কে থাকেন। কেননা যে কোন সময় শিশুরা পানিতে ডুবে মারা যেতে পারে।
বিদ্যালয়ের জমি দাতা সত্তরোর্ধ্ব রফিকুল আলম জানান, তিনি মাঠে পুকুর খননে বাধা দিয়েছিলেন। কেউ তার কথা শোনেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৭১০ ঘ.
bdnews24