২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় চর দখলের সংঘর্ষ, নিহত ১

চরের জমি দখল নিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শনিবার দু'দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 05:25 PM

Updated : 24 Aug 2022, 06:56 PM

গাইবান্ধা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চরের জমি দখল নিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শনিবার দু'দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। নিহত রাজা দেওয়ান (৫০) উপজেলার উত্তর শ্রীপুর (কাজিয়ারচর) গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। সুন্দরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রীপুর ইউনিয়ন পরিষদ সদস্য ফজলুর রহমান, রাজা দেওয়ান ও তাদের লোকজন দীর্ঘদিন ধরে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের তিস্তা নদীর তীরের বোচাগাড়ীর রাজার গ্রামের প্রায় ১০০ একর জমি ভোগদখল করে আসছেন। এবারও তারা এসব জমিতে বিভিন্ন রবিশস্য করেন। দুপুর দেড়টার দিকে তাদের লোকজন মসুর ডাল কাটতে গেলে কাপাসিয়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদ সদস্য রেজাউল করিম ও নূরু মণ্ডল দু'শতাধিক লোক নিয়ে বাধা দিলে সংঘর্ষ বাধে। আহতদের মধ্যে কাপাসিয়া গ্রামের আলী হোসেন (৫০), সাইফুল ইসলাম (২৫), বিলাত আলী (৫৫), শহিদুল ইসলাম (৩০), তোফাজ্জল হোসেন (৩২), নজরুল ইসলাম (৩৯), হাকিম উদ্দিন (৩৫), আব্দুল মজিদ (৪৫), কাজিয়ার চর গ্রামের রাজা মিয়া (৪২), আলম মিয়াকে (৪০) গাইবান্ধা সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা ও গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৫ ঘ.