তিন বাহিনী প্রধানকে জেলা জজদের নিচে নামাতে বলেছে আদালত
পদমর্যাদাক্রম তালিকায় (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) তিন বাহিনী প্রধানকে জেলা জজ মর্যাদার কর্মকর্তাদের নিচে নামিয়ে এনে নতুন তালিকা তৈরি করতে সরকারকে ৬০ দিন সময় দিয়েছে হাইকোর্ট। (আরও তথ্যসহ)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
04 Feb 2010, 10:14 AM
Updated :
24 Aug 2022, 06:36 PM
ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদমর্যাদাক্রম তালিকায় (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) তিন বাহিনী প্রধানকে জেলা জজ মর্যাদার কর্মকর্তাদের নিচে নামিয়ে এনে নতুন তালিকা তৈরি করতে সরকারকে ৬০ দিন সময় দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ বৃহস্পতিবার এক রায়ে বর্তমান পদমর্যাদাক্রম তালিকা অবৈধ ঘোষণা করে জেলা জজ পদমর্যাদার কর্মকর্তাদের তিন বাহিনী প্রধানের ওপরে স্থান দিয়ে নতুন তালিকা তৈরি করতে সরকারকে নির্দেশ দিয়েছে।
বর্তমান পদমর্যাদাক্রম তালিকায় তিন বাহিনীর প্রধান মন্ত্রিপরিষদ ও মূখ্য সচিবদের সঙ্গে ১২ নম্বর অবস্থানে আছেন। এদিকে জেলা জজসহ এ মর্যাদার কর্মকর্তাদের স্থান ২৪ নম্বরে।
রায়ে বর্তমান ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অবৈধ ঘোষণা করে আটটি নির্দেশনা দেওয়া হয়। আগামী ৬০ দিনের মধ্যে নতুন ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরি করে তা বাস্তবায়ন করে এ সংক্রান্ত তথ্য হাইকোর্টে উপস্থাপন করতে বলা হয়েছে।
আগামী ১৩ মে এ বিষয়ে আদালতে অগ্রগতি পর্যালোচনা করা হবে।
পাশাপাশি ২৫ মে এ সংক্রান্ত পরবর্তী আদেশ দেবে আদালত।
রায়ে বলা হয়, নতুন পদমর্যাদাক্রম তালিকায় প্রথমে সাংবিধানিক পদগুলোকে গুরুত্ব অনুসারে রাখতে হবে। জেলা জজদের পদ সংবিধানে উল্লেখিত পদ হওয়ায় সাংবিধানিক পদগুলোর পরপরই তাদের স্থান দিতে হবে।
রায়ে আরো বলা হয়েছে, সংবিধানের সংজ্ঞা অনুযায়ী জেলা জজ বলতে যেহেতু অতিরিক্ত জেলা জজকেও বোঝায় সেহেতু অতিরিক্ত জেলা জজ, মূখ্য বিচার বিভাগীয় হাকিম এবং মুখ্য মহানগর হাকিমদের পদমর্যাদা জেলা জজদের পরপরই রাখতে হবে।
এর পরের ক্রমিকে তিন বাহিনীর প্রধানদের রাখতে হবে। তারপরে থাকবেন সরকারের সচিবরা।
১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স এর বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের তৎকালীন মহাসচিব মো. আতাউর রহমান ২০০৬ সালে একটি রিট আবেদন দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে ওই সময় জেলা জজদের পদমর্যাদা সচিবদের নিচে দেখানো কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানাতে সরকারকে আদেশ দেয় আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/১৮৪৬ ঘ.