২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুই মাসে সিটি কর্পোরেশন হচ্ছে রংপুর'

আগামী দুই মাসের মধ্যে রংপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম শহীদ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 10:43 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

রংপুর, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী দুই মাসের মধ্যে রংপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম শহীদ খান। এ জন্য প্রশাসনিক কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে বৃহস্পতিবার রংপুর পৌরসভা মিলনায়তনে এক সভায় তিনি বলেন। দেশের সপ্তম বিভাগ হিসেবে এ বছরই যাত্রা শুরু করে রংপুর। ছয়টি বিভাগীয় শহরে সিটি কর্পোরেশন রয়েছে। সচিব বলেন, "রংপুরকে বিভাগ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে এসে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ঘোষণা দেবেন। রংপুর বিভাগের আট জেলা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়েছে। তবে এবার আর বৈষম্য নয়, সুষম উন্নয়নের মাধ্যমে রংপুরকে একটি পরিকল্পিত সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে।" রংপুর পৌরসভার উন্নয়ন বিষয়ক এক পর্যালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সচিব। রংপুর পৌরসভার মেয়র আব্দুর রউফ মানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র ইদ্রিস আলী, রংপুরের জেলা প্রশাসক বিএম এনামুল হক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪২ ঘ.