২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদিচ্ছার অভাবে শান্তিচুক্তির বাস্তবায়ন নেই: সন্তু লারমা

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য সরকারের সদিচ্ছার অভাবকেই দায়ী করেছেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 10:01 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য সরকারের সদিচ্ছার অভাবকেই দায়ী করেছেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। শান্তিচুক্তির ১৩ বছরপূর্তিতে বৃহস্পতিবার ঢাকায় এক সভায় জনসংহতি সমিতির সভাপতি বলেছেন, "আওয়ামী লীগ সরকার দুই বছরে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি।" "শান্তিচুক্তির ১৩ বছর পেরিয়ে গেলেও এর মৌলিক বিষয়গুলো এখনো অবাস্তবায়িত রয়েছে। ফলে পার্বত্য অঞ্চলের সামগ্রিক পরিস্থিতির উন্নতি হয়নি", বলেন তিনি। দীর্ঘ রক্তাক্ত অধ্যায়ের অবসানে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার ও জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্য দিয়ে সশস্ত্র সংগ্রামের পথ ছাড়ে সন্তু লারমা নেতৃত্বাধীন পাহাড়িরা। চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে ভূমি জরিপ নিয়ে বর্তমান সরকারের সঙ্গে সন্তু লারমার মতবিরোধ চলছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জনসংহতি সমিতি আয়োজিত আলোচনা সভায় সন্তু লারমা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং তিন পার্বত্য জেলা পরিষদ আইন কার্যকরের দাবিও জানান। চুক্তি অনুযায়ী গঠিত গঠিত আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের পদে প্রতিমন্ত্রীর মর্যাদা নিয়ে আছেন সন্তু লারমা। চুক্তি বাস্তবায়নে সরকার শিগগিরই কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলনের হুমকিও দিয়েছেন এক সময়ের গেরিলা নেতা সন্তু। পার্বত্য এলাকায় জনসংহতি সমিতির প্রতিদ্বন্দ্বী পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নিষিদ্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে সন্তু লারমা বলেন, তারা সশস্ত্র সন্ত্রাস চালাচ্ছে। আলোচনা সভার প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মেসবাহ কামাল, শিক্ষাবার্তা'র সম্পাদক এএন রাশেদা, একপক্ষ'র সম্পাদক মাসুদা ভাট্টি, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ সরেন ও জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা। বিকালের অধিবেশনে 'পার্বত্য চুক্তি বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন তথ্য কমিশনার সাদেকা হালিম। জাসদের সভাপতি হাসানুল হক ইনু, গণফোরামের সভাপতিমণ্ডলীর পঙ্কজ ভট্টাচার্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, শাহরিয়ার কবির, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বাবলু চাকমার সে আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৬০০ ঘ.