সাভার, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তৈরী পোশাক কারখানা শ্রমিক আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আশুলিয়ার নরসিংহপুর এলাকায় 'মেডলার এ্যাপারেলস লিমিটেড' নামের পোশাক কারখানাটি বৃহস্পতিবার সকালে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
অপরদিকে মজুরি বাড়ানোর দাবিতে জামগড়া এলাকার 'ইউনিভার্স নিটিং গার্মেন্টস লিমিটেড' নামের সোয়েটার কারখানায় কর্মবিরতি পালন করছে শ্রমিকরা।
পুলিশ জানায়, মেডলার এ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ এবং মঙ্গল ও বুধবার কর্মকর্তাদের মারধরের ঘটনায় কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মূল ফটকে নোটিশ ঝুলিয়ে দিয়েছে।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেডলার এ্যাপারেলস কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করেছে। এছাড়া ইউনিভার্স নিটিং গার্মেন্টস লিমিটেড-এর প্রায় ১৭শ' শ্রমিক বৃহস্পতিবার সকালে কারখানায় এসে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করতে থাকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি জানান, পরবর্তীতে শ্রমিকরা কাজ না করে কর্মবিরতি শুরু করে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে আলোচনা করে সমঝোতার চেষ্টা চলাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
মেডলার এ্যাপারেলস লিমিটেডের ব্যাবস্থাপক মো. শহীদুল্লাহ জানান, শ্রমিক অসন্তোষের মুখে কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার সকালে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
শ্রম মন্ত্রণালয়ের ইন্সপেক্টর (লেবার) আব্দুল আজিজ জানান, মালিকপক্ষ শ্রমিকদের সাথে আলোচনা করে সমঝোতার চেষ্টা করছে। কর্তৃপক্ষের সাথে সমঝোতা না হলে আমরা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪২৭ ঘ.
bdnews24