২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালের ইউজার ফি বণ্টন স্থগিত

সরকারি হাসপাতালে রোগীদের কাছ থেকে আদায় করা অর্থ (ইউজার ফি) চিকিৎসক, সেবিকা ও কর্মচারীদের মধ্যে বণ্টনের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 08:40 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি হাসপাতালে রোগীদের কাছ থেকে আদায় করা অর্থ (ইউজার ফি) চিকিৎসক, সেবিকা ও কর্মচারীদের মধ্যে বণ্টনের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এছাড়া স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয় এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১৫ দিনের মধ্যে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ওই কমিটি উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য নীতিমালা এবং এজন্য হাসপাতালে যেসব সরঞ্জাম প্রয়োজন তার তালিকা তৈরি করবে। চার সপ্তাহের মধ্যে এর প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর দায়ের করা জনস্বার্থ রিট আবেদনে এই আদেশ দেয়। সরকারের স্বাস্থ্য সচিব, অর্থ সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ পাঁচ জনের প্রতি এ আদেশ জারি করা হয়েছে। এছাড়া সরকারি হাসপাতালে রোগীদের উন্নত চিকিৎসার নিশ্চয়তা ও ইউজার ফি ভবিষ্যতে না বাড়ানোর জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তিন সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে বলা হয়েছে। আবেদনের শুনানিতে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, "২০০৯ সালের ২ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয় রোগীদের কাছ থেকে ইউজার ফি আদায়ের পরিপত্র জারি করে। গত ২২ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয় ইউজার ফি'র শতকরা ৫০ ভাগ হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও কর্মচারীদের মধ্যে বণ্টনের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী।" তিনি আরো বলেন, "স্বাস্থ্যসেবা উন্নয়নের দায়িত্ব সরকারের। কিন্তু হাসপাতালে চিকিৎসা সেবার মান দিন দিন খারাপ হচ্ছে। ফলে জনসাধারণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৪৩৩ ঘ.