গাজীপুর, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গী বাজারে আগুন লেগে সাতটি দোকান পুড়ে গেছে।
দমকল বাহিনী জানিয়েছে, বৈদ্যুতিক গোলযোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে লাগা ওই আগুন আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন টঙ্গী দমকল বাহিনীর কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, আগুনে টঙ্গী বাজারের দক্ষিণে নদীর উত্তর পাশে ফারুক গার্মেন্টস নামের তৈরি পোশাকের দোকান, এনাম কম্বল স্টোর, টিটন মিয়ার তৈরি পোশাকের দোকান, জহিরুল ইসলামের কম্বলের দোকান, পুপলার ফার্নিচার, কোয়ালিটি ফার্নিচার ও মিতু ফার্নিচার নামের দোকান ও সেগুলোর মালামাল পুড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৪৭ ঘ.
bdnews24