বান্দরবান, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান সদর উপজেলার রাজবিলা এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ২৪টি গুলি উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের একটি দল বৃহস্পতিবার সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে এই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে।
বান্দরবান সদর জোনের কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ মাহবুবুর রশীদ এই অভিযানে নেতৃত্ব দেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তার নেতৃত্বে একটি দল বান্দরবান সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে রাজবিলা ইউনিয়নে সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান চালায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সেনাসদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে একটি ৯ এমএম চাইনিজ পিস্তল ও একটি ম্যাগাজিন, একটি রিভলবার এবং রিভলবারের ২৪ টি গুলি উদ্ধার করে।
তিনি আরো জানান, গত ৭ নভেম্বর রাজবিলার মোবাছড়িতে এক অভিযানে আটক ২ সন্ত্রাসীর দেওয়া তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
লে. কর্নেল মাহবুবুর রশীদ জানান, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সশস্ত্র সদস্যরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবস্থান করে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মুল ও অপরাধীদের আটক করতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩২৩ ঘ.
bdnews24