২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিছিল-সমাবেশ চালিয়ে যাচ্ছে ধর্মঘটী খনি শ্রমিকরা

পাঁচ সহকর্মীকে ছাঁটাই এবং তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মধ্যপাড়া কঠিন শিলা খনির ধর্মঘটী শ্রমিকরা মিছিল-সমাবেশ চালিয়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 07:58 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

দিনাজপুর, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ সহকর্মীকে ছাঁটাই এবং তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মধ্যপাড়া কঠিন শিলা খনির ধর্মঘটী শ্রমিকরা মিছিল-সমাবেশ চালিয়ে যাচ্ছে। শ্রমিক ধর্মঘটের কারণে ছয় দিন ধরে ওই খনিতে পাথর তোলা বন্ধ রয়েছে। এ খনিতে দৈনিক গড়ে ৯০০ থেকে ১০০০ মেট্রিক টন পাথর তোলা হয়। খনির বাইরে বৃহস্পতিবার সকালে শ্রমিকরা মিছিল-সমাবেশ করে। শ্রমিকরা একদিন আগে স্থানীয়দের নিয়ে খনি অবরোধের হুমকি দিলেও তাতে সাড়া মেলেনি। এদিকে শ্রম আদালত থেকে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ধর্মঘটকে অবৈধ বলে চিঠি পাঠানো হয়েছে ইউনিয়নের কাছে। চিঠি পাওয়ার কথা স্বীকার করে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিঠি দেওয়া হলেও আমরা সংঘবদ্ধ শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।" শ্রমিক ও খনি কর্তৃপক্ষের অনড় অবস্থানের কারণে পরিস্থিতির উন্নতির কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। খনি কর্তৃপক্ষের সর্বশেষ অবস্থান জানতে মধ্যপাড়া গ্রানাইট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবুল বাশারের সঙ্গে যোযাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। তবে ইতোপূর্বে তার সই করা এক সংাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খনি শ্রমিকরা অবৈধভাবে কর্মবিরতি পালন করছে। যা রাষ্ট্রীয় আইনকানুন, নিয়মনীতি ও শৃঙ্খলা পরিপন্থী। কর্মকর্তাদের কাজে যোগদানে বাধা ও লাঞ্ছনা এবং হুমকি দেওয়ার অভিযোগে পাঁচজনকে গত ২৫ নভেম্বর ছাঁটাই করে খনিতে শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান মেসার্স ব্লু-স্টার সার্ভিসেস। ২৬ নভেম্বর মধ্যরাত থেকেই ধর্মঘট শুরু করে শ্রমিকরা। খনি কর্তৃপক্ষ শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, ওই পাঁচজন ছাড়া অন্য শ্রমিকদের কাজে যোগ দিতে কোনো বাধা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪১ ঘ.