২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্বন নিঃসরণ: কানকুনে সোচ্চার থাকবে বাংলাদেশ

কিয়োটো প্রটোকলের মেয়াদ বৃদ্ধি করে উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ কমানোর জন্য কানকুনে বাংলাদেশ সোচ্চার থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 06:16 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিয়োটো প্রটোকলের মেয়াদ বৃদ্ধি করে উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ কমানোর জন্য কানকুনে বাংলাদেশ সোচ্চার থাকবে। বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, অধিক কার্বন নিঃসরণকারী উন্নয়শীল দেশগুলো যাতে নিঃসরণের পরিমাণ কমায় সে ব্যাপারে একটি আইনগত বাধ্যবাধকতা সংবলিত চুক্তি আশা করে বাংলাদেশ। কোপেনহেগেন সম্মেলনের সমঝোতা অনুযায়ী অভিযোজনের জন্য ধনী দেশগুলো বার্ষিক ১০ বিলিয়ন ডলার সহায়তার যে প্রতিশ্র"তি দিয়েছিল বাংলাদেশ তার দ্রুত বাস্তবায়ন চায় বলেও তিনি জানান। হাছান মাহমুদ বলেন, "জলবায়ু সংক্রান্ত তহবিল ব্যবস্থাপনায় বিশ্ব ব্যাংক ও বিশ্ব জলবায়ু তহবিলের একক কর্তৃত্বের পরিবর্তে সব দেশের সমান প্রতিনিধিত্বের ভিত্তিতে নতুন তহবিল ব্যবস্থাপনা প্রণীত হবে বলে আমরা আশাবাদী। "এ তহবিল ব্যবস্থাপনায় দাতা এবং সহায়তা গ্রহণকারী উভয় দেশেরই অংশগ্রহণ থাকতে হবে।" তিনি বলেন, বাংলাদেশ চায় একটা বৈশ্বিক উদ্যোগ এবং একটি চুক্তি, যার মাধ্যমে বিশ্বের উষ্ণায়ন বৃদ্ধি রোধ করা সম্ভব হবে। কানকুন সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ইউরোপের কয়েকটি দেশের এবং লাতিন আমেরিকার কয়েকজন রাষ্ট্র প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান পরিবেশ প্রতিমন্ত্রী। তিনি আরো জানান, জার্মানির একটি জার্নালে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান রয়েছে এক নম্বর। কারণ হিসেবে বলা হয়েছে, গত ৩০ বছরে বাংলাদেশে এক লাখ ৯১ হাজার ৬৩৭ জন মানুষ প্রাকৃতিক দুর্যোগে মারা গেছে। এর মধ্যে শুধু ঝড়েই মারা গেছে এক লাখ ৬৭ হাজার ১৭৮ জন। প্রতিমন্ত্রী বলেন, দাতা সংস্থাসমূহের সহায়তায় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রিজিলিয়েন্স ফান্ড (বিসিসিআরএফ) গঠন করা হয়েছে। যুক্তরাজ্য সরকার এই তহবিলে ৬০ মিলিয়ন পাউন্ড আর্থিক সহায়তা দিয়েছে। বর্তমানে ওই তহবিলে ১১৩ দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/ডিডি/এইচএ/২৩৫৩ ঘ.