২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে গ্রেপ্তাররা হত্যা-ডাকাতি মামলায়

নোয়াখালীতে হরতালের সময় গ্রেপ্তার ছয় বিএনপি নেতাকর্মীকে হত্যা, ডাকাতি, ছিনতাই ও সংবাদপত্র অফিসে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 04:27 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

নোয়াখালী, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে হরতালের সময় গ্রেপ্তার ছয় বিএনপি নেতাকর্মীকে হত্যা, ডাকাতি, ছিনতাই ও সংবাদপত্র অফিসে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মঙ্গলবার হরতালের সময় এবং তার আগের রাতে জেলা শহর থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে নয়জনকে ছেড়ে দিয়ে ছয়জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বুধবার বিকালে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান শহরের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এর প্রতিবাদ করেন। তিনি সুধারাম মডেল থানার ওসি মোশারফ হোসেন তরফদারকে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করে দেন। মো. শাহজাহান অভিযোগ করেন, ওসি মোশারফ হোসেন তরফদার ক্ষমতাসীন দলকে খুশি করতে রাজনৈতিক কর্মীদের হত্যা ও ডাকাতির মতো মামলায় জড়াতেও দ্বিধা করেননি। ওসি বিএনপি নেতাকর্মীদের হরতাল পালনে বাধা দেওয়ার পাশাপাশি লাঠিপেটাও করেন বলে শাহজাহান অভিযোগ করেন। শাহজাহান এ বিষয়টি বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে জানিয়েছেন উল্লেখ করে বলেন, ওসি আচারণে সংযত না হলে পরে যেকোনো পরিস্থিতির জন্য তাকেই (সাংসদ) দায়ী হতে হবে। জেলা বিএনপি সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ বলেন, সোমবার ও মঙ্গলবার গ্রেপ্তার ১৫ জনের মধ্যে নয়জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ছয়জনের মধ্যে সোনাপুর কলেজের এজিএস মাহবুুবুর রহমান ওরফে মানু (৩৮), জয়কৃষ্ণরামপুর এলাকার নজরুল ইসলাম ওরফে রুবেল (২২) ও আবুল কাশেমকে (২০) সদর উপজেলার পূর্বমাইজচরা এলাকায় একটি হত্যা ও স্থানীয় 'দৈনিক জনতার অধিকার' কার্যালয়ে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মো. হানিফ (২৮), মো. সোহাগ (২৪) ও ওমর ফারুককে (২৬) গ্রেপ্তার দেখানো হয় ডাকাতি ও ছিনতাইয়ের দু'টি মামলায়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর, শহর সাধারণ সম্পাদক আবু নাছের, সহসভাপতি সহিদুল ইসলাম কিরণ প্রমুখ। এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মোশারফ হোসেন তরফদার বলেন, হরতালে অনেককে আটক করা হয়েছে। এর মধ্যে যাদের নাম ইতোপূর্বের তদন্তাধীন বিভিন্ন মামলায় এসেছে তাদের ওইসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নির্দোষ হলে তারা মামলা থেকে রেহাই পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৬ ঘ.