২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী সিরাজগঞ্জ আসছেন ১১ ডিসেম্বর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১১ ডিসেম্বর সিরাজগঞ্জ আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 04:24 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

সিরাজগঞ্জ, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১১ ডিসেম্বর সিরাজগঞ্জ আসছেন। তিনি সিরাজগঞ্জ কওমী জুট মিল, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সয়দাবাদে ১৫০ মেগাওয়াট, শাহজাদপুরের বাগাবাড়ীতে ৫০ মেগাওয়াট ও পাবনার বেড়ায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন। এছাড়া বিকালে সিরাজগঞ্জ সরকারি বিএ কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বুধবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সফর সফল করার লক্ষ্যে সব বিভাগের নেওয়া কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের তাগিদ দেন মন্ত্রী। উপদেষ্টা এইচ টি ইমাম হেলিপ্যাড নির্মাণ, যাতায়াতের রাস্তা সংস্কার, নিদিষ্ট স্থানে নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট বিভাগগুলো দ্রুত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেন। সিরাজগঞ্জ শহরের রায়পুরে অবস্থিত কওমী জুট মিল চালুর জন্য ইতোমধ্যেই সরকার ৩৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। পাটকলটি উদ্বোধনের জন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে বাংলাদেশ পাটকল সংস্থার (বিজিএমসি) সচিব আব্দুল মজিদ জানান। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন- সংসদ সদস্য গাজী শফিকুল ইসলাম, চয়ন ইসলাম, তানভীর শাকিল জয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার অপু, বিজিএমসি'র সচিব আব্দুল মজিদ প্রমুখ। এই সভার পর একই স্থানে মন্ত্রী ও উপদেষ্টা জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে পৃথক সভা করেন। এতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, আনোয়ার হোসেন রতু প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৬ ঘ.