২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ৫০

সড়ক ডাকাতির জেরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 02:37 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক ডাকাতির জেরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। বুধবার বিকালে উপজেলার বড্ডাপাড়া ও তেরকান্দা গ্রামের সীমান্ত এলাকায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে সরাইল-নাসিরনগর সড়কে একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাংচুরও হয়। আহতদের মধ্যে ২০ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এরা হলেন- এমরান হোসেন (২৫), মোশারফ (২৪), হুমায়ূন (৩০), মানু মিয়া (৪০), কামরুল (১৪), আলী আকবর (৪২), মুজাহিদ (১৮), ফারুক (২০), লাবু (৫০), কালু মিয়া (৪০), সোহেল মিয়া (১৯), হোসেন আলী (৩৬), সিরাজ (৩৫), দেলোয়ার আলী (২০), সেন্টু মিয়া (৩৫), সৈয়দ নাহিদ (৩৫), জজ মিয়া (৪০), আবদুল আলিম, আবু শ্যামা (৩৮) ও খলিলুর রহমান (২৭)। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতে সরাইল-তেরকান্দা সড়কে বেশ কয়েকটি সিএনজি চালিত টেম্পুতে ডাকাতি হয়। এ নিয়ে সরাইলের বড্ডাপাড়া ও তেরকান্দার কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। মঙ্গলবার রাতে খোরশেদ আলম নামের এক নৈশ প্রহরীকে মারধর করা হয়। এর জেরে বুধবার দুপুর আড়াইটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বাড্ডাপাড়া ও তেরকান্দাসহ আশপাশের আরো ৩টি গ্রামের কয়েক হাজার মানুষ ওই এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালো অস্ত্র, টেটা, বল্লম ব্যবহার ও ইপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় সরাইল উপজেলা হাসপাতালের সামনে পুলিশের একটি জিপ ভাংচুরও করা হয়। সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট সঞ্জয় সরকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড কাঁদানে গ্যাস ও ১৮ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। কোনো মামলাও হয়নি। এলাকায় অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২২ ঘ.