শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ বিলবোর্ড অবিলম্বে উচ্ছেদ করার জন্য হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ঢিমেতালে চলছে উচ্ছেদ অভিযান।
গত ৮ মাসে মাত্র ২৩০টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেছে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি)।
গত ১৫ মার্চ রাজধানীর গুলশান এলাকায় বিলবোর্ড পড়ে গিয়ে দুই ব্যক্তি মারা যায়। গত ফেব্র"য়ারিতে বিজয় সরণিতে তিনটি এবং ধানমণ্ডিতে একটি বিলবোর্ড পড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। গত বছর গাবতলীতেও এ ধরনের একটি ঘটনা ঘটে।
বিলবোর্ড পড়ে গিয়ে প্রাণহানির ঘটনার পর ২১ মার্চ রাজধানীতে সব অবৈধ বিলবোর্ড অবিলম্বে অপসারণের জন্য ডিসিসিকে নির্দেশ দেয় হাইকোর্ট।
সিটি কর্পোরেশনের সূত্র মতে, রাজধানীতে প্রায় আড়াই হাজার অবৈধ বিলবোর্ড রয়েছে। আর বৈধ বিলবোর্ড রয়েছে প্রায় ৭০০। তবে বৈধ বিলবোর্ডের কোন তালিকা দিতে পারেনি ডিসিসি।
ডিসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম গত মার্চ মাসে বলেছিলেন, অবৈধভাবে গড়ে উঠা প্রায় আড়াই হাজার বিলবোর্ড-মেগা সাইন ঝূঁকিপূর্ন অবস্থায় রয়েছে। যে কোন সময় এগুলো পড়ে গিয়ে দূর্ঘটনা ঘটতে পারে।
সিরাজুল ইসলাম সে সময় ডিসিসির বিলবোর্ড বিষয় দেখভালের দায়িত্বে ছিলেন।
হাইকোর্ট অবৈধ বিলবোর্ড অবিলম্বে অপসারণের নির্দেশ দেওয়ার পর ডিসিসি উচ্ছেদ অভিযান শুরু করে। প্রতি সপ্তাহে দুই দিন এ কার্যক্রম পরিচালনা হতে থাকে। তবে গত ৮ মাসে মাত্র ২৩০টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করে ডিসিসি।
প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামকে গত মে মাসে বিলবোর্ডের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয় প্রধান বর্জ্য ব্যবস্থাপক বিপিন কুমার সাহাকে।
ডিসিসি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান চালালেও নামেমাত্র কাজ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। বিলবোর্ডগুলোর সামান্য অংশ ভেঙ্গে তা অপসারণ হিসেবে দেখানো হয়। রাজধানীর কলাবাগান মোড়ে গত এপ্রিল মাসে 'উচ্ছেদ' করা বিলবোর্ড দীর্ঘ দিন ধরে অর্ধেক ভাঙ্গা অবস্থায় রয়েছে।
একই অবস্থা দেখা গেছে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের টিএসসি মোড়ে সোহরাওয়ার্দী উদ্যানের ফটকের সামনে। রাজধানীর কুড়িল ও গুলশান এলাকায় উচ্ছেদ অভিযানের পর থেকে অনেক বিলবোর্ড অর্ধেক ভাঙ্গা অবস্থায় রয়েছে। শুধু বিজ্ঞাপনের অংশটুকু ভেঙ্গে ফেলে দায়িত্ব শেষ করছে ডিসিসি।
এসব বিলবোর্ড যে কোন সময় ভেঙ্গে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
বিলবোর্ড ব্যবসায়ীরা সিটি কর্পোরেশনের কাছ থেকে নির্ধারিত স্থান ইজারা নিয়ে এ ব্যবসা পরিচালনা করে থাকেন। তবে বেশীরভাগ ক্ষেত্রেই ব্যবসায়ীরা নিয়মনীতি না মেনে যেখানে সেখানে বিলবোর্ড স্থাপন করেন বলে অভিযোগ রয়েছে।
সিটি কর্পোরেশন সাধারণত: বিলবোর্ডের জন্য নির্ধারিত স্থান প্রতিবর্গফুট ৫০ টাকা থেকে ১০০ টাকায় এক বছরের জন্য ইজারা দিয়ে থাকে।
বিলবোর্ড ওনার্স এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, "ডিসিসি সৎভাবে কাজ করলে এ অবস্থা হোতো না। এক বছরের মধ্যে রাজধানীতে সব অবৈধ বিলবোর্ড অপসারণ করা যেতো।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিলবোর্ড ব্যবসায়ী বলেন, "অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করলে ডিসিসির কর্মকর্তা-কর্মচারীরা অবৈধ অর্থ পাবে না। তাদেরকে একটি অবৈধ বিলবোর্ডের জন্য বছরে ৩০ থেকে ৪০ হাজার টাকা দিতে হয়। এজন্য বিলবোর্ড উচ্ছেদে ডিসিসি'র জোড়ালো কোন উদ্যোগ নেই।
বিপিন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দায়িত্ব পাওয়ার পর তিনি ১৪০টির মত অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেছেন। এর আগে উচ্ছেদ করা হয়েছে ৯০টি।"
তিনি বলেন, "রাজধানীতে বিভিন্ন ভবনের ওপর থেকে বিলবোর্ড অপসারণের ব্যাপারে হাইকোর্টে একটি রিট আবেদন রয়েছে। তাই সেগুলো অপসারণ করা যাচ্ছে না। অবশ্য অনান্য অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান চলছে।"
বিলবোর্ড অপসারণের নামে দায়সারাভাবে কাজের অভিযোগ প্রসঙ্গে বিপিন কুমার বলেন, "যেসব স্থানে দায়সারা কাজ হয়েছে সেসব স্থানে অবৈধ বিলবোর্ডগুলো অপসারণের ব্যবস্থা করা হবে।"
তিনি বলেন, "বর্তমানে ১৬'শ থেকে ১৭'শ অবৈধ বিলবোর্ড থাকতে পারে। তবে এ ব্যাপারে সঠিক পরিসংখ্যান নেই।"
বৈধ বিলবোর্ডের সংখ্যার ব্যাপারে বিপিন কুমার সাহা বলেন, "এই সংখ্যা ৭০০ এর মত। তবে বৈধ বিলবোর্ডের তালিকা বর্তমানে একসাথে করা নেই। শিগগিরই বৈধ বিলবোর্ডের তালিকা ডিসিসির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে।"
অবৈধ বিলবোর্ড অপসারণে ধীরগতির ব্যাপারে বিপিন কুমার সাহা বলেন, "ডিসিসির সামর্থ্য অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। লোকবল ও যন্ত্রপাতির অভাব রয়েছে। বিলবোর্ড ব্যবসায়ীদের কাছে এ ব্যাপারে সহযোগিতা চাওয়া হয়েছে।"
কবে নাগাদ সব অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা সম্ভব হবে তার নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেননি বিপিন কুমার সাহা।
বিলবোর্ড ওনার্স এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, "অনেক অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়েছে। আবার অবৈধভাবে স্থাপিত বিলবোর্ড অনেকে ভাড়া দিয়ে বৈধ করে নিচ্ছেন।"
বেশ কয়েকজন বিলবোর্ড ব্যবসায়ী অভিযোগ করে বলেছেন, অবৈধ বিলবোর্ড অপসারণে সিটি কর্পোরেশনের আন্তরিকতার অভাব রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১১৫৬ ঘ.
bdnews24